সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশুর ক্রুপ কাশি নিরাময়ের উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

 

পূর্বাশা ডেস্ক :

বাড়ন্ত শিশুদের একটি সাধারণ সমস্যা ক্রুপ কাশি হওয়া। সাধারণত ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে এই কাশি। ৬ মাস থেকে ৩ বছরের শিশুদের হয়ে থাকে এই কাশি, যা মারাত্মক কোন সমস্যা নয়। সংক্রমণের কারণে বায়ু চলাচলের পথটি – কণ্ঠনালী (ল্যারিংক্স), শ্বাসনালী (ট্রাকিয়া) এবং ব্রংকিয়াল নালী (ব্রঙ্কি) এর চারপাশ ফুলে যায়। রাতের বেলায় হয় এই কাশি, ফলে শিশু কাঁদে এবং অস্থির হয়ে ওঠে। ফুলে যাওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয় এবং শোঁ শোঁ করে শব্দ হয়। এগুলোর পাশাপাশি জ্বরও থাকতে পারে। লক্ষণ সাধারণত ৩-৫ দিন পর্যন্ত থাকে। পুরোপুরি ভালো হতে আরো সময় লাগে। ঘরোয়া কিছু উপায়ে শিশুর অস্বস্তি দূর করতে এবং পুনরায় ক্রুপ কাশি হওয়া প্রতিরোধ করতে পারেন যেমন :

১।  শিশুকে শান্ত রাখুন

শিশুর গলার বায়ু চলাচলের পথটি ফুলে সরু হয়ে যাওয়ার কারণে ক্রুপ কাশি হয়। এ কারণে তার শ্বাস নিতে কষ্ট হয়। সে যত বেশি কাঁদবে তত তার সমস্যাটি বৃদ্ধি পাবে। তাই যতোটা সম্ভব শিশুকে শান্ত রাখার চেষ্টা করুন। গান গেয়ে শোনান বা কোলে তুলে দোলান বা গল্পের বই পড়ে শোনান। 

২। আর্দ্র বাতাস

আপনার ঘরের শুষ্ক বাতাসকে আর্দ্র রাখার চেষ্টা করুন। এজন্য ঘরে হিউমিডিফায়ার রাখুন, যদি তা না থাকে তাহলে বাথরুমে হট শাওয়ার নিন। বাথরুমে গরম বাষ্পের মধ্যে আপনার শিশুকে নিয়ে ১০ মিনিট বসে থাকুন। এতে তার কাশি প্রশমিত হবে। যদি বাইরে ঠান্ডা থাকে তাহলে কিছুক্ষণের জন্য দরজা-জানালা খোলা রাখুন। ঠান্ডা ও সতেজ বাতাস শিশুর লক্ষণগুলোকে শান্ত করতে পারবে।

৩। তরল খাবার দিন

শিশুর ক্রুপ কাশির সময় তাকে হাইড্রেটেড রাখা জরুরী। উষ্ণ তরল খাবার তার মিউকাসকে হালকা হতে এবং কন্ঠনালীর চাপ কমাতে সাহায্য করবে। শিশু যদি খুব ছোট বা চঞ্চল হয় তাহলে তাকে ছোট চামচে করে বা ড্রপার দিয়ে খাওয়াতে চেষ্টা করুন।

৪। মাথা উপরের দিকে করে রাখুন

রাতে ঘুমানোর সময় শিশুর মাথাটি উঁচু বালিশে রাখুন। তবে ১২ মাসের কম বয়সের শিশুদের বালিশ দেবেন না। শিশুর সাথে একই কক্ষে থাকুন যাতে শিশুর শ্বাস কষ্ট হয় কিনা তা আপনি  বুঝতে পারেন।

কখন যাবেন চিকিৎসকের কাছে: 

যদি আপনার শিশুর লক্ষণ ৩ থেকে ৫ দিনের বেশি স্থায়ী হয় বা তার অবস্থা খারাপ হতে দেখা যায় তাহলে ঘরে বসে নিরাময়ের আশা না করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শিশুর দ্রুত চিকিৎসা সহায়তার প্রয়োজন বুঝবেন যেভাবে :

·         শ্বাস নেয়ার সময় শিশু যদি খুব বেশি শব্দ করে তাহলে, একে চিকিৎসকেরা স্ট্রিডর বলেন

·         লালা বের হওয়া শুরু হলে বা ঢোক গিলতে সমস্যা হলে

·         অস্বস্তি ও যন্ত্রণা বৃদ্ধি পেলে

·         শ্বাস নিতে খুবই কষ্ট হলে

·         শ্বাস নেয়ার সময় ঘাড় ও বুকের পেশী ভেতরে ঢুকে গেলে

·         শিশু খুব ক্লান্ত হয়ে গেলে, অনেক বেশি ঘুমালে বা ঘুম থেকে জাগাতে কষ্ট হলে

·         শিশুর ঠোঁটের চারপাশ, নাকের নীচের অংশ, মুখ বা নখের চারপাশ কাল বা নীলাভ হয়ে গেলে।

·         শিশু ডিহাইড্রেট হলে, ডায়াপার বার বার ভিজে গেলে

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি