শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানুষের পাপের বোঝা কি পীর বহন করবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনেকের ধারণা পীর বুজুর্গদের সন্তুষ্ট রাখতে পারলে আখেরাতে মুক্তি পাওয়া যাবে। কারণ তারা মুরিদদের পাপের বোঝা নিজেরা বহন করবে। যেহেতু তারা আল্লাহ্র অনুগ্রহভাজন বান্দা। তাদের কোন পাপই তো আল্লাহ্ ধরবেন না। তাই মুক্তির পথ হল পীর বুজুর্গকে খুশি রাখা। তাদের খুশি করতে পারলে সব গুণাহ মাফ।

পীর মাশায়েখগণ রুহানী ডাক্তার বটে। তারা সাধারণ মানুষের ঈমানকে তাজা রাখতে সহায়তা করে থাকেন। তাই বলে তারা কারও পাপের বোঝা বহন করবেন এটা পাগলের প্রলাপ বৈ কিছুই নয়। ডাক্তাররা কখনো রোগীর শরীর হতে তার রোগ বের করে নিজের শরীরে পুস করেন না। ডাক্তারকে যতই সন্তুষ্ট করা হোক না কেন। তাকে যত অর্থই প্রদান করা হোক না কেন। এটা কোন ডাক্তারই করবে না। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’য়ালা বলছেন- “কেউ কারো পাপের বোঝা বহন করবে না”। (সূরা আনআম-১৬৪)

কেউ নিজে আমল না করলে নিজে নামায আদায় না করলে কেউ তাকে নাজাত দিতে পারবে না। স্বয়ং আল্লাহ্র রাসূলও না। রাসূল (সাঃ) এর চেয়ে বড় পীর তো আর কেউ না। অথচ তিনি তাঁর বংশের লোকদের উদ্দেশ্যে বলেছেন- “হে বনী হাশেম! তোমরা নিজেদেরকে নিজেরা জাহান্নাম থেকে রক্ষার ব্যবস্থা কর। হে বনী আবদুল মুত্তালিব! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষার ব্যবস্থা কর। হে ফাতিমা! তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষার ব্যবস্থা কর, নিশ্চয় আমি আল্লাহ্র আযাব থেকে তোমাদেরকে রক্ষায় কিছুই করতে পারবে না”। (সহীহ মুসলিম হাদীস – ২০৪)

এ যদি হয় দয়ার সাগর, সাইয়েদুল মুরসালীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) এর প্রিয়জনের উদ্দেশ্যে হুঁশিয়ারি এবং বাস্তব অবস্থা ও অবস্থানের কথা তাহলে কি করে একজন মানুষ অন্য আরেকজন মানুষের (যিনি নবী নন) উপর ভরসা করতে পারেন। বরং হাশরের ময়দানে প্রকৃত অবস্থা যা হবে তা হল- “সেদিন মানুষেরা তার নিজ ভাইদের কাছ থেকে পালাতে থাকবে। পালাতে থাকবে তার নিজের মা থেকে, নিজের বাবা থেকে, সহধর্মি- সহধর্মিনী থেকে এমন কি তার ছেলেমেয়েদের থেকেও সেদিন পালাতে থাকবে। তারা নিজেদের ছাড়া অন্য কারো কথাই ভাববে না”। (সূরা আবাসা: আয়াত, ৩৪-৩৭)

তাহলে অন্যের পাপ বহন করার চিন্তা অবাস্তব মাত্র।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি