শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেরি করে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারত থেকে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গরু আসছে না। কিন্তু চোরাপথে আসছে গরুর মাংস। আর এসব মাংস বেনাপোলে ফেরি করে ২০৮ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহিলা চোরাচালানীরা বেনাপোল চেকপোস্ট এলাকাসহ সীমান্তের গ্রামে গ্রামে এ সব গরুর মাংস বিক্রি করছে।

জানা গেছে, ভারতীয় এ সব মাংসের দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষেরা ঝুঁকে পড়েছে এসব মাংস কিনতে। প্রতিদিন চোরাপথে দুই শিফটে মাংস আসছে এ সীমান্ত দিয়ে। সকালে যে মাংস পাচার হয়ে আসছে তার দাম কেজি প্রতি তিনশ’ টাকা দরে বিক্রি করছে চোরাচালানীরা এবং রাতে যে মাংস পাচার হয়ে আসছে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। রাতের মাংস ফ্রিজিং করায় তার দাম কেজি প্রতি ২০ টাকা কম।

বেনাপোল চেকপোস্টের সাদীপুর সড়কে সামনেই মাংস বিক্রি করে এক মহিলা চোরাচালানী।  তিনি জানান, ‘আমরা গরির মানুষ, সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বাজার থেকে চোরাপথে এসব মাংস কিনে এনে গ্রামে গ্রামে বিক্রি করে থাকি। বেশ লাভ হয়।’ প্রতিদিন ৪৫ কেজি মাংস এভাবে ফেরি করে বিক্রি করে থাকেন বলেও জানান তিনি।

সামনে ঈদ তাই অনেক মাংস ব্যবসায়ীও এখান থেকে মাংস কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে জেলা শহরে নিয়ে। এ ছাড়া বেনাপোল সীমান্তে প্রায় ২০ জন মহিলা চোরাচালানী এখন ফেরি করে চোরাপথে আসা এসব গরুর মাংস বিক্রি করছে। যা এসব অঞ্চলের মানুষেরা স্বাস্থ্যঝুঁকির বিষয়টি না জেনে, না বুঝে ভক্ষণ করছেন। কোনো সচেতন ব্যক্তি ও প্রশাসন এসব মাংস বিক্রির প্রতিবাদও করছে না।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জয়দেব কুমার সিংহ জানান, ‘চোরাপথে এসব গরুর মাংস আসা কোনো প্রকারেই কাম্য নয়। এটি বন্ধ হওয়া উচিত। কারণ এটি রোগাক্রান্ত গরুর মাংস, যা এ্যানথ্রাকস্-এর মতো রোগ হতে পারে মানুষের দেহে।’ চোরাপথে আসা গরুর মাংস বন্ধ করতে তিনি সীমান্তে বিজিবির সহযোগিতা কামনা করেন।

পূর্বাশানিউজ/২২,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি