শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরে জীবজন্তুর ছবির ব্যাপারে ইসলামরে দৃষ্টিভঙ্গি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

আজ রাকিবের বন্ধুর জন্মদিন। তাই সে ওয়্যালম্যাটে তার বন্ধুর ছবি বাধাই করে তাকে উপহার হিসেবে দিতে চায় । এখন জানার বিষয় হলো এভাবে ওয়্যালম্যাটে ছবি বাধাই করে দেয়ার বিধান কী?আর কেউ কেউ বলেন ছবিতে মাথা কেটে দেয়ার কথা। ইসলামের দৃষ্টিতে এর সমাধান কী?

উত্তর : এ পদ্ধতিতে উপহার দেয়া শরিয়ত সম্মত নয়। কেননা কোনো প্রাণীর দৃশ্যমান ছবি টানানো বা দৃশ্যমান রাখা নাজায়েয। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি আছে। (সহীহ মুসলিম, হাদীস ২১১২)

অন্য বর্ণনায় এসেছে, জাবের রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছবি রাখতে ও ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন। (জামে তিরমিযী, হাদীস  ১৭৪৯)

আর প্রাণীর ছবির মূলই হল তার মাথার অংশ। যা দ্বারা প্রাণীর পূর্ণ রূপ ও পরিচয় স্পষ্ট হয়।

ইকরিমা রাহ. বলেন, ছবির মূল হল মাথা। মাথা যদি কেটে দেয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২৫৮০৮)

তাই মাথার অংশ কেটে বা মুছে দিলে তা আর ছবির হুকুমে থাকে না। কিন্তু মাথা ও চেহারা না মুছে শুধু চোখ মুছে দিলে প্রাণীর আকৃতি ও পরিচয় বাকি থাকে। তাই তা ছবির হুকুমেই থাকে।

ইবনে আবেদীন শামী রাহ. বলেন, ছবির যদি মাথা কাটা থাকে তাহলে এমন ছবি ঘরে রেখে নামায পড়লে নামায মাকরূহ হবে না। চাই মাথা গোড়া থেকেই কেটে ফেলা হোক বা না কেটে পুরো মাথা একদম মুছে ফেলা হোক। কেননা স্বাভাবিকভাবে মাথা ছাড়া প্রাণীর উপাসনা করা হয় না। আর পুরো মাথার শর্ত করা হয়েছে। কেননা শুধু ভ্রু মুছে দেয়া বা চোখ কেটে দেয়া যথেষ্ট নয়। কেননা এসব ছাড়াও প্রাণীর উপাসনা হয়। (রদ্দুল মুহতার ১/৬৪৮)

০৩/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি