সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ঈদুল ফিতরে দেশের সড়ক ও মহাসড়কে ২০৫টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়েছেন। এ ছাড়া সড়ক, রেল, ও নৌপথে সম্মিলিতভাবে ২৪০টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত ও ৮৬২ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৭ অনুযায়ী সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান।

আজ মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

সংগঠনটি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তৈরি এ প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রীক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত চার বছর ধরে বিষয়টি তারা পর্যবেক্ষণ করে আসছে। এবারের ঈদে রেশনিং পদ্ধতিতে ছুটি থাকায় ঈদ যাত্রায় খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে। ফলে বেড়েছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

ঈদযাত্রা শুরুর দিন (১৯ জুন) থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা (১ জুলাই) পর্যন্ত ১৩ দিনে ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়েছেন। একই সময় নৌ-পথে ১টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে এবং রেলপথে ট্রেনে কাটা পড়ে পূর্বঞ্চলে ২৫ জন ও পশ্চিমাঞ্চলে ৯ জনসহ মোট ৩৪ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটিরিং সেলের সদস্যরা ২২টি জাতীয় দৈনিক, ৬টি আঞ্চলিক দৈনিক, ১০টি অনলাইনে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করেছেন।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি