শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় হাজার হাজার মানুষ পানি বন্দি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

টানা তিন দিনের বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর শহর ও গ্রামীন এলাকার হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা প্রকট আকার ধারন করেছে।

এসব এলাকায় মানুষ ভেলায় কিংবা নৌকায় চড়ে যাতায়াত করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারনে শতশত শ্রমজীবি মানুষ কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছে। দেখা দিয়েছে গো-খাদ্যের অভাব। অনেক এলাকায় ছোট ছোট ঘর-বাড়ীতে ঢুকে পড়েছে পানি। এসব মানুষের অনেকের ঘরে উনুন পর্যন্ত জ্বলছে না। অনেকে আশ্রয় নিয়েছেন অন্যর বাড়ীতে। পানি জমে ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজি ক্ষেতের।

গত কয়েকদিনের ভারি বর্ষনে পৌরশহরের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নাগরিকদের স্বাভাবিক চলাফেরা ব্যহত হচ্ছে। শহরের বেশ কিছু সড়কে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে পথ চলাও এখন দুস্কর। বাসা-বাড়ীর ভেতরে পানি প্রবেশ করছে। সবচেয়ে বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে নি¤œ ও মধ্যম আয়ের পরিবারগুলো। তারপরও জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় ভুক্তভোগী মানুষ ক্রমশ বিক্ষুব্দ হয়ে উঠছে। এমনিতেই পৌরসভার আয়তন অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার স্বল্পতা রয়েছে। যতটুকু ড্রেনেজ ব্যবস্থা আছে তাতে স্লোভ না থাকার দুরুন পানি নেমে না গিয়ে জমে থাকছে। এছাড়া শহরের অভ্যন্তরে প্রবাহিত খালগুলি দু’পাড় প্রভাবশালীদের দখল সন্ত্রাসের কবলে পড়ে ক্রমশ ছোট হয়ে যাওয়ায় পানি প্রবাহে সমস্যার সৃষ্টি হচ্ছে।

প্রবল বর্ষণে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলীর অফিস এলাকার প্রায় দুই শ’ ফুট বাউন্ডারি দেয়াল ধসে পড়েছে। অফিস মহল্লা এলাকায় গাছ উপড়ে পড়েছে। গ্রামের পর গ্রাম মানুষ পানিবন্দি হয়ে থাকলেও পানি নামার স্লুইসগেট, কালভার্ট সংলগ্ন মুখ বাঁধ দিয়ে আটকে মাছ ধরার এক শ্রেণির প্রভাবশালী মহল পানি প্রবাহের পথ আটকে রাখছে। ফলে মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এছাড়া অতি বর্ষায় কুয়াকাটায় পর্যটক সমাগম ছিল তুলনামূল কম। কতিপয় হোটেল-মোটেল ব্যতীত বেশীর ভাগ হোটেল গুলো ছিল পর্যটক শূন্য। ওই এলাকার রাখাইন মার্কেট, শুটকি পল্লী সহ ঝিনুক মার্কেটের অধিকাংশ দোকান পাট ছিল বন্ধ অবস্থায়।

এ ব্যাপারে ঝিনুক ব্যবসায়ী মো.আনোয়ার হোসেন জানান, বিরামহীন বর্ষার কারনে পর্যটক না থাকায় বেচা-কেনা নেই। এমন কি দুপুর ১২ পর্যন্ত পর্যন্ত তিনি কোন পন্য বিক্রী করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।
নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামের মো. মশিউর রহমান জানান, খাল-বিল পানিতে সাদা হয়ে গেছে। এ গ্রামের অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। পানি বন্দি হয়ে আছে অনেক মানুষ।

০৪/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি