
পূর্বাশা ডেস্ক :
গবেষণায় দেখা গিয়েছিলো মশাবাহিত রোগ চিকুনগুনিয়া সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে বিস্তার ঘটাচ্ছে। নাতিশীতোষ্ণ দেশ হিসেবে সম্প্রতি বাংলাদেশেও রোগটি ব্যপাক হারে দেখা দিয়েছে। এবার নতুন আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। তাদের মতে ভয়ঙ্কর এই রোগটি এবার ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করেছে।
ইউনিভার্সিটি অব বইরুথ এবং ইউরোপিয়ান রোগ নিরাময় ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে চিকুনগুনিয়া রোগটির ভাইরাস ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই শতাব্দীতেই ভাইরাসটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
‘জার্নাল সায়েন্টিফিক রিপোর্টে’ প্রকাশিত গবেষণাপত্রটিতে জলবায়ু পরিবর্তনকেই চিকুনগুনিয়া ভাইরাস সহ মশাবাহিত রোগগুলোর ছড়িয়ে পড়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত এশিয়ান টাইগার মশা এবং হলদেটে জ্বরবাহী এক প্রজাতির মশা চিকুনগুনিয়া ছড়াচ্ছে। সাধারণত পর্যাপ্ত বৃষ্টিপাত এবং তাপমাত্রা এই মশাটির উপযুক্ত পরিবেশ। তাই আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় চিকুনগুনিয়ার ব্যপাক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
গবেষক দলটির অন্যতম ড. জেন সিমেঞ্জা এবং ড. জনাথন সুক জানান, ‘ক্রমবর্ধমাণ হারে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা অন্তত ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। আর এই ক্রমবর্ধমাণ তাপমাত্রার জন্যই ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা বিশ্বেই চিকুনগুনিয়া ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনকে না ঠেকানো হলে এই শতাব্দী শেষে পৃথিবীর গড় তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াসও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে মশাবাহিত রোগের ভাইরাসগুলো সমগ্র পৃথিবীর জন্য বড় ধরণের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
গবেষকরা জানিয়েছেন, অবিশ্বাস্যভাবে ইতোমধ্যেই ইতালি, ফ্রান্স এবং ফ্লোরিডায় চিকুনগুনিয়া ভাইরাস উপস্থিতির প্রমাণ মিলেছে। ২০১৩ সালে এই ভাইরাসটি প্রথমবারের মতো ক্যারিবীয় দীপপুঞ্জে দেখা মেলে। ডেইলি এক্সপ্রেস
০৪/০৭/ ২০১৭/ Choity.
























































