
ডেস্ক :
সময় ও পারিপ্বার্শিক অবস্থা কত দ্রুত বদলে যেতে পারে। এই সত্যই যেন মনে করিয়ে দিলেন ভারতের সাবেক অধিনায়ক ও সফল ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ধোনির ব্যাটে ভর করেই জিতেছিল ভারত। এর দুদিন পর চতুর্থ ওয়ানডেতে সেই ধোনিই ব্যাট হাতে করে ফেললেন এক লজ্জার রেকর্ড। ধোনির আগে এই রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের আটজন ক্রিকেটার।
অ্যান্টিগায় অনুষ্ঠিত এই ম্যাচে ১৮৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হেরেছে ভারত। এই ম্যাচে ১১৪ বলে ৫৪ রান করে সবচেয়ে ধীরগতির হাফসেঞ্চুরির রেকর্ড করেছেন ধোনি। মন্থর এই ইনিংসে ছিল একটিমাত্র বাউন্ডারি। ৩৫ বছর বয়সী ধোনি হাফসেঞ্চুরির দেখা পান ১০৮ বলে। ডানহাতি এই ব্যাটসম্যানের ৭৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে এটিই সব থেকে মন্থরতম। ভারতের ওয়ানডে ইতিহাসেও সবচেয়ে ধীরগতির হাফসেঞ্চুরি এটা। এর আগে রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলীর। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন প্রিন্স অব কলকাতা।
ধীরগতির এই রেকর্ডের তালিকায় নাম আছে বাংলাদেশের আটজন ক্রিকেটারের। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন জাভেদ ওমর বেলিম। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন জাভেদ। সে ম্যাচে ১৪৫ বলে ৫৯ রান করেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ১১২ বলে ফিফটি করা মেহরাব হোসেন অপি। তিনি ১৯৯৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ইনিংস খেলেন সাবেক এই ক্রিকেটার।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এই তালিকায় আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু। যিনি ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে চরম বিপর্যয়ের মুখে ১০৪ বল খেলে হাফসেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে তার ব্যাট থেকে আসা ১১৬ বলে ৬৮ রানের ইনিংসে ভর করেই বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
এছাড়া মেহরাব হোসেন জুনিয়র ২০০৬ সালে ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৫ বলে হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার মতোই জিম্বাবুয়ের বিপক্ষে বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকিও ১০৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ২০১০ সালে। রাজিন সালেহ ও হান্নান সরকারের ১০০ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে।
ওয়ানডেতে এমন ধীরগতির ব্যাটিংয়ের রেকর্ড আরও আছে। ১৪৮ বল খেলে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে মন্থরতম হাফসেঞ্চুরির ‘রেকর্ড’ আছে কানাডার ঈশ্বর মারাজের। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় মন্থরতম হাফসেঞ্চুরি মালিক হন বারমুডার অরভিন রোমানি। তিনি ১২১ বলে ৫০ পূরণ করেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন বিশ্ব ক্রিকেটের তিন বড় তারকা- জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, পাকিস্তানের মিসবাহ-উল-হক ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী
























































