রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আট বছর পর টেলিফিল্ম নির্মাণে আফসানা মিমি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসির ১০টি উন্নয়ন উদ্যোগের প্রান্তিক পর্যায়ের মানুষের যে সাফল্য, সে সাফল্যকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘রূপকথা নয়’।

হারুন রশীদ রচিত এ বিশেষ টেলিফিল্মটি নির্মাণ করেছেন গুণী অভিনেত্রী ও নাট্যনির্মাতা আফসানা মিমি। রমজানের শেষ প্রান্তে মানিকগঞ্জের মনোরম লোকেশনে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান আফসানা মিমি।

টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সদ্য প্রয়াত নজমুল হুদা বাচ্চু, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সাঈদ বাবু, সানজিদা প্রীতি, শর্মীমালা, জাহাঙ্গীর, সঙ্গীতা, রিয়াদ, আফসানা মিমির প্রতিষ্ঠান বিএফটিএ’র শিক্ষার্থী আরিয়ান, হামিদ, সজীব, কামাল, মতিন, রাজু, মিলন, জাহিদ, পুষ্পিতা এবং বিএফটিএ’র ‘ইচ্ছেতলা’র শিক্ষার্থী পৃথা।

টেলিফিল্মটি নির্মাণ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘যেহেতু রমজান মাসে এর শুটিং হয়েছে এবং সে সময় ঝড়বৃষ্টি ছিল, তাই কাজটি শেষ করতে সবারই খুব কষ্ট হয়েছে। আমি একক নাটক বা টেলিফিল্ম নির্মাণ করতে খুব পছন্দ করি। যে কারণে এ কাজটি করতে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু কাজ শেষ যখন এডিটিং প্যানেলে বসি তখন বারবারই মনে হয়, আহারে আরও একটু ভালো হতে পারত। তারপরও যা দাঁড়িয়েছে তা নিয়ে আমি খুব আশাবাদী।’

আফসানা মিমি জানান, চলতি মাসেরই যে কোনো সময় ‘রূপকথা নয়’ টেলিফিল্মটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। আফসানা মিমি নির্দেশিত প্রথম খ-নাটক ছিল ‘অফবিট’। এরপর তিনি আরও বেশ কয়েকটি খ-নাটক নির্মাণ করেন।

সর্বশেষ ২০০৯ সালে তিনি ইন্তেখাব দিনার, জন কবির ও সানজিদা প্রীতিকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘একা অথবা কয়েকজন’ নাটকটি। এটি সে সময় একুশে টিভিতে প্রচার হয়েছিল। তার আরেকটি দর্শকনন্দিত খ-নাটক হচ্ছে সুবর্ণা মুস্তাফা ও আফরোজা বানুকে নিয়ে নির্মিত ‘সখী’।

আফসানা মিমি নির্দেশিত সর্বশেষ ধারাবাহিক নাটক হচ্ছে ‘সাতটি তারার তিমির’। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি