
ডেস্ক :
দুদক ৩৯ লাখ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে কুমিল্লার আদালত ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় দেন। হারুনুর রশিদ সর্বশেষ ঢাকার এলজিইডির সদর দফতরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের মুলাদী উপজেলার চর বিজলী গ্রামের বেলায়েত হোসেন খানের ছেলে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানালেন, হারুনুর রশিদ কুমিল্লা এলজিইডির ল্যাবরেটরি নির্মাণ সামগ্রী পরীক্ষার আদায় করা ফির ৩৯ লাখ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুদক ঢাকার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৩ সালের ২২ আগস্ট কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে দুদক ঢাকার উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।বাদী পক্ষের আইনজীবী ছিলেন দুদকের পিপি আশফিকুর রহমান। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আবদুল মমিন ফেরদৌস এবং তাইফুর আলম।

















































