বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরবাড়ি তলিয়ে গেছে, পর্যাপ্ত ত্রাণ নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। ঘর তলিয়ে যাওয়ায় উপজেলার ঘুঘুমারী শেখপাড়া এলাকার একটি পরিবার মালপত্র নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l সোয়েল রানাযমুনার ঢলে তলিয়ে গেছে ঘরবাড়ি। বেশির ভাগ মানুষ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধে। সেখানেও দুর্ভোগের শেষ নেই। খোলা আকাশের নিচে রাত কাটছে তাঁদের। পর্যাপ্ত ত্রাণ নেই। রয়েছে খাওয়ার পানির সংকট। অনেকেই নদীর পানি দিয়ে রান্না ও থালা-বাসন ধোয়ার কাজ করছেন।

দুর্ভোগের এই চিত্র বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর তীরবর্তী চন্দন বাইছা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের ১৫-১৬টি গ্রামের। এসব গ্রামের প্রায় দেড় হাজার পরিবার ছয় দিন ধরে পানিবন্দী। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বন্যানিয়ন্ত্রণ বাঁধে। তবে কেউ কেউ বসতভিটায় উঁচু মাচা করে থাকছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালে উপজেলার রোহদহ শেখপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পরের বছর পুরোনো বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দূরে আট কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এটি বিকল্প বাঁধ নামে পরিচিত। বর্ষা মৌসুমে প্রতিবছর এখানকার ১৫-১৬টি গ্রাম যমুনার পানিতে প্লাবিত হচ্ছে।

গতকাল শনিবার ঘুঘুমারীগ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িঘরে বুকসমান পানি। গ্রামে দুই শতাধিক পরিবারের বসবাস। বর্তমানে ৮-১০টি পরিবার আছে। গোটা গ্রাম প্রায় জনশূন্য। বাড়ির সামনে উঁচু স্থানে মাচা ফেলে বাস করছেন এ গ্রামের জাহাঙ্গীর আলম। বাঁধে আশ্রয় নেওয়ার জন্য বসতবাড়ির জিনিসপত্র নৌকায় তুলছিলেন তিনি। জাহাঙ্গীর বলেন, ‘ঘরবাড়ি ছেড়ে যেতে
মন চায় না। ছয় দিন ধরে চুলা জ্বলে না। ঘরে খাবার নাই। ঘরের ভেতরে বুকসমান পানি। বাধ্য হয়ে নৌকায় জিনিসপত্র তুলে বাঁধে আশ্রয়ের খোঁজে যাচ্ছি।’

একই গ্রামের ফজুল শেখ (৬৫) বলেন, ‘ঘরের ভেতরে বুকসমান পানি। চাল-ডাল, লবণ-তেল সবই পানিতে ভিজে গেছে। ঘরে খাবার ও পানি নাই। বড়রা না খ্যায়া থ্যাকলেও ছোটরা খিদে সহ্য করতে পারছে না।’

পার্শ্ববর্তী যমুনা নদীর তীরবর্তী উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন নৌকার মাঝি ফেরদৌস শেখ। তিনি বলেন, ‘বসতবাড়ি পানিতে তলিয়ে গেচে। খালি হাতে এঁটি অ্যাসে উঠিচি। না খ্যায়া দিন যাচ্চে। কুনটি অ্যানা খাবার পাচ্চি না, খাবার পানি পাচ্চি না। কোনো ত্রাণও আসিচ্চে না।’

ঘুঘুমারী শেখপাড়ার গাজি শেখ বলেন, ‘বাড়িঘরে পানি উঠলেও বসতভিটার মায়ায় এখনো অনেকেই শেখপাড়ায় পড়ে রয়েছে। সেখানে খাবার নেই। পানি নেই। কেউ খোঁজখবর নিচ্ছে না। আমার মতো অনেকেই বাঁধে এসে আশ্রয় নিয়েছে। এখানেও খাবারের সংকট, বিশুদ্ধ পানি নেই। ত্রাণ নেই। অবস্থা খুব শোচনীয়।’

বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া রোহদহ গ্রামের ফারুক হোসেন বলেন, ‘ঘরত চাল-ডাল, নুন কিছুই নাই। খালি হাতে বাঁধত অ্যাসে উঠচি। পর্যাপ্ত ত্রাণ নাই। খাবার পানি নাই। আশপাশে টিউবওয়েল নাই। টয়লেট নাই।’

শেখপাড়ার মর্জিনা বেগম বলেন, বাঁধে কয়েক হাজার মানুষের বসবাস। পর্যাপ্ত টিউবওয়েল নেই। এক কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে। অনেকেই নদীর পানি ফুটিয়ে খাচ্ছেন।

জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল মোহাম্মদ আবু হেনা বলেন, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। গতকাল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার দুর্গত এলাকার মানুষের জন্য ৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাঁধে আশ্রয় নেওয়া এক হাজার পরিবারের মাঝে সরকারি ত্রাণ তহবিল থেকে স্থানীয় সাংসদ আবদুল মান্নান ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। খাওয়ার পানির সংকটের বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হবে।

০৯ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি