রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জামিনে গেলে এক টাকাও দেবে না ডেসটিনির এমডি-চেয়ারম্যান’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক

ডেসটিনির এমডি-চেয়ারম্যানের জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, ‘ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকা জমা দেবে না। এমনকি জামিনে একবার গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না।’

এ সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে ডেসটিনির দুই কর্ণধারের আবেদনের শুনানিকালে ডেসটিনির আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এসব কথা বলেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

আদালত বলেন, ‌‘ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও এমডির জামিনের পর একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকা জমা দেবে না। টাকা দেওয়া তো দূরে থাক তারা আরো অর্থ বাইরে পাচার করবেন।’

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশে বলেন, ‘আপনি তো এর আগে হলমার্কের জেসমিনকে টাকা দেওয়ার শর্তে জামিন নিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই টাকা তো দেননি। পরে আবেদন দিয়ে ওই আদেশও প্রত্যাহার করে নিয়েছিলেন। সেটা আমাদের জানা আছে।’

তখন ব্যারিস্টার রোকন বলেন, ‘আমি (তার মক্কেলের কথা বলেছেন) তো জেলে আছি। গাছ তো রয়েছে গাছের জায়গায়। সেটা ছাগলে খেয়েছে, না মারা গেছে তা তো জানি না। আমাকে দুই মাসের জামিন দিন।’

এ পর্যায়ে আদালত বলেন, ‘আপনি একবার জামিনে বেরিয়ে গেলে আপনাকে আর পাওয়া যাবে না।’

আদালত জানতে চান আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। জবাবে আইনজীবী বলেন, ১৪৭ কোটি টাকা আছে। আদালত আরো বলেন, ‘আপনারা শর্ত অনুযায়ী কিছু টাকা পরিশোধ করুন। আপনাদের সব সুবিধা দেব।’

এরপর আদালত ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে রোববার দিন ধার্য করে দেন।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের গাছ লাগানো প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ গাছ ৬ সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেন আপিল বিভাগ।

ওই দিন আদালত আদেশে বলেছিলেন, ‘৩৫ লাখ গাছ বিক্রির ২৮০০ কোটি টাকা সরকারকে ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে। টাকা পাওয়ার পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আপিল বিভাগ জামিন দেবেন বলে আদেশে বলা হয়। তবে গাছ বিক্রি করে যদি ২৮০০ কোটি টাকা না হয় তাহলে কমপক্ষে ২৫০০ কোটি টাকা সরকারকে দিলেই জামিন মিলবে ডেসটিনির চেয়ারম্যান ও এমডির। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী, টাকা জমা না দেওয়ায় এখনো জেলে রয়েছেন ডেসটিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।’

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি