বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাংসদ আয়েন উদ্দিনের গ্রামীণফোন ও বাংলালিংক সিম ক্লোনের অভিযোগ


সাংসদ আয়েন উদ্দিনের গ্রামীণফোন ও বাংলালিংক সিম ক্লোনের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক

জাতীয় সংসদের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের গ্রামীণফোন ও বাংলালিংক সিম কার্ড ক্লোনের অভিযোগ পাওয়া গেছে। তার এই সিম কার্ড ক্লোন করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই বিষয়টি গ্রামীণফোন ও বাংলালিংক কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সাংসদ আয়েন উদ্দিনের একান্ত সহকারী ইকবাল হোসেন জানিয়েছেন, ‘সাংসদের দুইটি মোবাইল ফোন নম্বর গ্রামীণফোন ও বাংলালিংকের সিম কার্ড ক্লোন করে ওই দুই নম্বর থেকে ফোন ও ম্যাসেজ পাঠিয়ে তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ব্যবসায়ী এমন ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে চাঁদা আদায় করেছে ওই প্রতারক চক্র।’ তিনি আরও জানান, পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

মো. আয়েন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের কাছেও আমার নম্বর থেকে মেসেজ পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তিনি চাঁদা না দেওয়ায় তাকে মেসেজ পাঠিয়ে গালাগাল করা হয়েছে। এভাবে চাঁদা না দেওয়ায় অনেকেকে গালাগাল ও অশ্লীল মন্তব্য করে মেসেজ দেওয়া হচ্ছে। এতে করে আমি বিব্রতকর অবস্থায় রয়েছি।’

সাংসদ আয়েন উদ্দিনের সিম ক্লোনের পাশাপাশি তার ফেসবুক একাউন্টও হ্যাক করা হয়েছে। তিনি জানিয়েছেন, বেশি কিছুদিন আগে তার মোবাইল ফোন চুরি হয়েছিল। এরপর তার ফেসবুক একাউন্ট হ্যাক করা হয়। সবশেষে চুরি হওয়া মোবাইলে থাকা গ্রামীণফোন ও বাংলালিংকের সিম দুটি ক্লোন করা হয়। সিমের পাশাপাশি তার ফেসবুক একাউন্ট থেকেও বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি ও গালিগালাজ করে হচ্ছে বলে তিনি জানান।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি