মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭১ বলেই ডাবল সেঞ্চুরি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবিশ্বাস্য! অসাধারণ! মাত্র ৭১ বলেই ডাবল সেঞ্চুরি। তাও আবার টি-টোয়েন্টিতে! হ্যাঁ এমন কীর্তিই করে দেখিয়েছেন সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক।

এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আফগানিস্তানের প্যারাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টি-টোয়েন্টি এই লিগে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে খেলছেন শাফাক। এই দলের হয়েই তাণ্ডব চালিয়ে খেলেছেন ৭১ বলে ২১৪ রানের ইনিংস। এই ইনিংসে ছিল ২১টি ছয় ও ১৬টি চারের মার।

কিন্তু একা এমন তান্ডব চালাতে কি আর আনন্দ আছে? তাই সাথে নিয়েছেন ভাই ওয়াহিদুল্লাহ শাফাককে। তিনি করেছেন ৩১ বলে ৮১ রান। ১০ চার ও তিন ছক্কার সাহায্যে এই ইনিংস গড়েছেন। কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুই ভাইয়ের এই কীর্তিতে দলের সংগ্রহ ৩৫১ রান। জবাবে প্রতিপক্ষ মাত্র ১০৭ রানেই অল আউট। ফলে শাফাকদের দল জয় পায় ২৪৪ রানে।

২০০৯ সালে অভিষেক হওয়া ২৭ বছরের এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ২০টি টি-টোয়েন্টি ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলের হয়ে স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো। ওয়ানডেতে ১০৩ ও টি-টোয়েন্টিতে ১৪৩।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি