বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরতে মন্ত্রীদের


প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরতে মন্ত্রীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র ফলাও করে প্রচার করতে মন্ত্রিসভার সদস্যদের আবারো তাগাদা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নের কথা গ্রাম-গঞ্জের মানুষকে জানাতে হবে। তাহলে আগামী নির্বাচনে এর সুফল পাওয়া যাবে। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এবার বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। এজন্য শ্রীলঙ্কার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা অব্যাহতির জন্য একটি চুক্তির খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে রাশিয়া, কুয়েত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করেছে সরকার। ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও ৬ই এপ্রিল ক্রীড়া দিবস পালিত হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ৬ই এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়। বাংলাদেশেও ওই দু’দিন এ দু’টি দিবস পালন এবং দিবসগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া বৈঠকে গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্র সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, ডাকটিকিট উন্মোচনের পর একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি