
বাংলাদেশের ক্রিকেটের একজন লড়াকু সৈনিক মাশরাফি বিন মুর্তজা। এ দেশের ক্রিকেট ইতিহাসের সেরা বোলারও তিনি। ইনজুরি নিয়েও এক যুগ ধরে খেলে চলেছেন এই পেসার। তবে তাতেও সন্তুষ্ট নন সমালোচক ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সমালোচকদের মুখে শুনতে হয়েছে নানা রকম কথা। অথচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তার। তবে সমালোচনাকারীদের খুব একটা পাত্তা দেন না মাশরাফি।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কত দিন খেলবেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আদৌ তিনি খেলতে পারবেন কি না— এ নিয়েও উঠেছে কিছু প্রশ্ন। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পরিষ্কার করে দিয়েছেন সবকিছুই।
তিনি বলেছেন, ‘মাশরাফি যত দিন ইচ্ছা তত দিন বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন। এখন পর্যন্ত মাশরাফির বিকল্প তৈরি হয়নি।’ তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই বলেও জানান তিনি।
১১ জুলাই ২০১৭/রুমকী
























































