
:
‘তারা আমাকে অপমান করে, মাঝেমধ্যে গালিও দেয়। তারা আমাকে চড়ও মারে’ যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন খ্যাতিমান লেখক এবং কলামিষ্ট ফরহাদ মজহার।
১২ জুলাই বুধবার অপহরণের বিষয়ে বিদেশি এই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ মজহার।
সাক্ষাৎকারে ফরহাদ মজহার বলেন, সেদিন সকালে চোখে সমস্যা হচ্ছিল, তাই ওষুধ কিনতে বাড়ি থেকে বের হই। হঠাৎ তিন ব্যক্তি আমার পাশে এসে উপস্থিত হয় এবং একটি সাদা মিনিবাসে (মাইক্রোবাস) আমাকে তুলে নেয়। সে সময় আমি পকেট থেকে মোবাইল ফোনটি বের করার সুযোগ পাই এবং অপহরণকারীরা বুঝে ওঠার আগেই আমি কয়েক সেকেন্ডের জন্য আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি।
তিনি বলেন, আমি ফিসফিস করে আমার স্ত্রীকে বলি ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। এর পর ওই ব্যক্তিরা ফরহাদ মজহারের চোখ বেঁধে ফেলে এবং মোবাইল ফোন নিয়ে নেয়। এর পর ঘণ্টার পর ঘণ্টা মিনিবাসটি চলতে থাকে। সে সময় অপহরণকারীদের মুক্তিপণ দিতে চাইলে তারা আমাকে ফোন ব্যবহার করতে দেয় এবং কয়েকবার আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি।
কবি বলেন, ১০ থেকে ১২ ঘণ্টা পর আমাকে মুক্ত করে দেবে বলে জানায় অপহরণকারীরা। এর পর একটি নির্জন ও কিছুটা অন্ধকার স্থানে আমার চোখ খুলে দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় তারা আমাকে একটি বাসের টিকিট দেয় এবং বলে খুলনা শহর থেকে বাসে চেপে ঢাকায় ফিরে যেতে। আমি কিছু দূর হাঁটি এবং খুলনার একটি বিপনিবিতানে যাই, যেখানে রাত সোয়া ৯টার বাসে ওঠার আগে কিছু খাবার খাই।
ফরহাদ মজহার বলেন, অপহরণকারীরা সাধারণ পোশাকে ছিল। আমি জানি না তারা কারা বা কোন দলের সদস্য। বন্দি অবস্থায় আমি বেশ কয়েকবার আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমাকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা ছেড়ে আসার পর পুলিশ চাইলে আমার অবস্থান শনাক্ত করতে পারত। আমি অবাক হয়েছি কেন পুলিশ খুলনা পৌঁছার আগেই মাইক্রোবাসটিকে আটক করতে পারল না।
দ্য গার্ডিয়ান তিনি জানান, এখনো তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত অবস্থায় আছেন। এই অবস্থা থেকে উত্তরণে কিছু সময় লাগবে। কিন্তু আমার সঙ্গে যা হয়েছে তা প্রকাশ করতে আমি ভীত নই। বেশিরভাগ মানুষই গুমের ঘটনা থেকে ফিরে আসার পর রহস্যজনকভাবে নীরব হয়ে যায়। কিন্তু আমি যখন কাজে ফিরব তখন এই বিষয় নিয়ে কাজ করব। আমাদের এই অপহরণ করার সংস্কৃতির সমাপ্তি ঘটাতে হবে।
উল্লেখ্য, এর আগে ৩ জুলাই সোমবার সকালে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে এ অভিযোগ করে তার পরিবারের সদস্যরা বলেন, ভোর চারটার দিকে ফোন আসলে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। ৪ জুলাই মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে তাকে যশোর থেকে আদাবর থানায় নেওয়া হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর পর ঢাকা মহানগর হাকিম মোহা. আহসান হাবীবের আদালতে তাকে তোলা হয়। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারকের খাসকামরায় জবানবন্দি দেন ফরহাদ মজহার। ওই আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে নিজ জিম্মায় যাওয়ার আবেদন করলে দশ হাজার টাকা মুচলেকায় তা গ্রহণ করেন আদালত। পরে নিজের জিম্মায় মুক্তি পান ফরহাদ মজহার।
আদালত থেকে বাসায় ফেরার অনুমতি পাওয়ার পরে ফরহাদ মজহারকে আদালত থেকে সরাসরি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
১৩ জুলাই ২০১৭/রুমকী






















































