শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিচারপতি আনোয়ারুল হক আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ । ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ঝিনুক এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে আনার পরই বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

শহীদুল ইসলাম ঝিনুক জানান, এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে আনা হয়। ওইদিনই ফের অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিচারপতি আনোয়ারুল হককে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেয়া হয়। চলতি বছরের শুরুতে এক সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার পরিবর্তন না হলে ২১ জানুয়ারি তাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

১৩/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি