
:
আগামী জাতীয় নির্বাচনের বাকি আরও দেড় বছর। কিন্তু বসে নেই আওয়ামী লীগ। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে বেশ তৎপর তারা। কেন্দ্র থেকে তৃণমূল সবাই। তবে নির্বাচনের আগে কোনো সম্মেলন ও অঘোষিত কমিটি প্রকাশ না করারও সিদ্ধান্ত রয়েছে দলের।
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের কয়েক নেতা জানায়, আওয়ামী লীগ এখন নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দলের সভাপতিও বারবার তার বক্তব্যে নির্বাচনী প্রস্তুতি ও নানা নির্দেশনা দিচ্ছেন। চ্যালেঞ্জিং এ নির্বাচনের আগে কোনো সাংগঠনিক সম্মেলন না করার পক্ষেও শীর্ষ নেতাদের অনেকেই একমত হয়েছেন। সবার প্রতি একটিই নির্দেশনা আগামী নির্বাচনে যে করে হোক জিততে হবে।
তারা বলেন, নির্বাচনের আগে সম্মেলন, কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়ানো যাবে না। ইতোমধ্যে বেশকিছু দলীয় কোন্দলপূর্ণ এলাকার নেতাদের ঢাকায় ডেকে শাসিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আবার যেসব সাংগঠনিক জেলায় কমিটি হয়নি, সম্মেলন হয়নি তাদের বেশ কয়েকটি গ্রুপ কেন্দ্রে জোর লবিং করছেন। নির্বাচনের আগে এসব কমিটি হলে এলাকায় কোন্দল আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এসব ঝামেলায় না জড়াতে আপাতত কমিটি গঠনের চিন্তা থেকে সরে এসেছে দলটি।
সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সারা দেশে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ শুরু করেছে। এমনটিই জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান।
তিনি বলেন, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন ও প্রশিক্ষণের নির্দেশ সভাপতি শেখ হাসিনার। তার নির্দেশ মোতাবেক কাজ শুরু হয়েছে। নির্বাচনের এখনো অনেক বাকি। কিন্তু আমরা প্রস্তুতি সেরে ফেলতে চাই।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সভাপতির নির্দেশের পর দলটির কেন্দ্র থেকে গত জুনে এলাকাভিত্তিক ভোটকেন্দ্র, বুথের সংখ্যা, মোট ভোটার সংখ্যা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন করতে বলা হয়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, প্রতিপক্ষের রাজনীতিক প্রভাব, নিজ দলের অবস্থান সম্পর্কেও বিস্তারিত উল্লেখের কথা আছে ওই নির্দেশনায়।
বিগত সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে গঠিত দলীয় এজেন্ট, কেন্দ্র পাহারাদার, স্বেচ্ছাসেবকদের তালিকাও চাওয়া হয়েছে। জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটিকে এসব নির্দেশনা বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং তাদের প্রশিক্ষণ শেষে তালিকা কেন্দ্রে পাঠানোর কথা বলা হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দলের অনুষ্ঠিত কর্মীসভাগুলোয় স্থানীয় নেতাদের ভোটকেন্দ্রভিত্তিক কমিটির গঠনের নির্দেশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতারা জেলা, উপজেলা সফরে গেলেও একই নির্দেশনা দিচ্ছেন। তৃণমূল থেকে নেতাকর্মীরা কেন্দ্রে এলে তাদেরও একই নির্দেশ দেওয়া হচ্ছে।
তারা বলেন, আমাদের টার্গেট এখন সামনের নির্বাচন। এটি চ্যালেঞ্জও বটে। এ নির্বাচনে জিততে অগ্রিম প্রস্তুতির বিকল্প নেই।
এদিকে ভোটকেন্দ্রভিত্তিক কমিটিতে সমমনা স্থানীয় প্রভাবশালী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রদের সমন্বয়ের কথা ভাবছে আওয়ামী লীগ। জানা যায়, এ কমিটি দিয়ে সামনে বিএনপি-জামায়াত কোনো সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করলে সর্বস্তরের মানুষকে নিয়ে যাতে মোকাবিলা করা যায় সে চিন্তাও করছে আওয়ামী লীগ।
এদিকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশের পরপরই কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, আমরা এখন থানা ও ওয়ার্ড কমিটি গঠন করছি। এরপর ইউনিট মর্যাদার কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করব।
ঢাকা উত্তর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, নেত্রীর নির্দেশনার পর কাজ শুরু করে দিয়েছি। অন্য কমিটি গঠনের সঙ্গে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করছি।
১৬ জুলাই ২০১৭/রুমকী






















































