
:
সারা দেশের এমপিওভুক্ত প্রায় ৩৬ হাজার প্রতিষ্ঠানে সম্প্রতি আর্থিক অনিয়ম তদন্ত অনুসন্ধানের মাধ্যমে অসংখ্য জাল সনদধারী শিক্ষক-কর্মচারীর সন্ধান মিলেছে। ইতোমধ্যে ভুয়া সনদধারী ৭০০ জন শিক্ষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এমপিওভুক্ত হয়ে বড় একটি অংশ বেতন-ভাতা তুলছে।
২০১৬ সাল থেকে শুরু হওয়া এ সনদ যাচাইয়ে ধরা পড়া ৫৫৬ অনিয়মকারীর বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি তাদের গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরত নেওয়ার জন্য ডিআইএ সুপারিশ করে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি কোনো ব্যবস্থা নেয়নি। তাদের বেতন-ভাতার টাকাও রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হয়নি। তবে দুদক থেকে সম্প্রতি ওই শিক্ষকদের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম অনুসন্ধানকারী শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তারা জানান, অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তদন্তে গেলেই এমন জাল সনদধারী পাওয়া যাচ্ছে। চাকরিতে যোগ দেওয়ার সময় এ ধরনের সনদ ব্যবহার করা হয়েছে। শুধু একাডেমিক সনদ নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদ (এনটিআরসিএ), বিএড অথবা এমএড এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নট্রামসের কম্পিউটার শিক্ষা সনদের জাল কপিও মিলেছে তদন্তে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকতা মহান পেশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু ব্যক্তি জাল সনদসহ নানা অসাধু উপায়ে এ পেশায় ঢুকে পড়েছেন। তাদের কারণে পুরো শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘জাল সনদ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে সরকারি অর্থের অপচয় ঠেকানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও এ ব্যাপারে তাগিদ রয়েছে।’
গত দেড় বছরে ৩৬ হাজার প্রতিষ্ঠানে শুধু তিন বিষয়েই ডিআইএ কর্মকর্তারা ধরতে পেরেছেন জাল সনদধারী ৫৫৬ জনকে। এর মধ্যে বিষয়গুলো হচ্ছে, কম্পিউটার, লাইব্রেরিয়ান এবং বিএড। এর বাইরেও বহু শিক্ষকের মূল একাডেমিক সনদ জাল বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, এনটিআরসিএ’র একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে জাল সনদে তারা এমপিভুক্তও হয়েছেন।
ডিআইএ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে তদন্তে গিয়ে শিক্ষকদের সনদ যাচাই করে প্রচুর জাল সনদ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সুপারিশ করা হয়। তবে মন্ত্রণালয় ও মাউশিতে গিয়ে সে সুপারিশ অজ্ঞাত কারণে আটকে যায়। কারও বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তবে এ বিষয়ে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান জানান, মাউশি থেকে কাউকে ছাড় দেওয়া হয় না। অবগত হওয়ার পর জাল সনদধারী কাউকেই কোনো কৃপা দেখানো হয় না। এর কোনো সুযোগও নেই।
১৬ জুলাই ২০১৭/রুমকী























































