
পূর্বাশা ডেস্ক:
দুই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ব্যাট-বলের লড়াই! বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়া আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, নাইমুর রহমান দূর্জয়, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলটদের বিপক্ষে মাঠে নামবেন বর্তমান প্রজন্মের তারকা ক্রিকেটার মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-তাসকিনরা।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুলাই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে খেলবেন বর্তমান ক্রিকেটাররা। দুই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের সমুদ্র সৈকত ঘেঁষা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
‘সিনিয়র’ দলে থাকবেন মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ নাঈমুর রহমান দুর্জয় ও মোহাম্মদ রফিকদের মতো সাবেক খ্যাতিমান ক্রিকেটাররা।
অন্যদিকে বর্তমান ক্রিকেটারদের মধ্যে যারা দলে আছেন তাদের মধ্য থেকেই গঠিত হবে ওপর একাদশ। এই দলে অনুমিতভাবেই থাকছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা।
এই ম্যাচের আগে আগামী ২৬ থেকে ২৮ জুলাই চলবে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। আগের মতোই ছয়টি দল অংশ নেবে এ আসরে। ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অলস্টার ইলেভেন- এই ছয় দল অংশ নেবে সাবেক তারকা ক্রিকেটারদের এ আয়োজনে। এ আসর শেষেই জাতীয় দলের সাথে প্রীতি ম্যাচটি হবে।
জুলাই ২০১৭/রুমকী
























































