
পূর্বাশা ডেস্ক:
গৃহকর্মী আদুরী নির্যাতনের মামলায় প্রধান আসামি নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন।
মামলার দ্বিতীয় আসামি ইশরাত জাহানকে আদালত খালাস দিয়েছেন। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি নওরীনের মা। নওরীন কারাগারে আছেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদুরীর মা। রায় ঘোষণার পর আদুরীর মা সাবিহা বেগম বলেন, বিচারে তাঁরা খুশি।
বাদীপক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর ১১ বছরের শিশু গৃহকর্মী আদুরীকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার মামা নজরুল ইসলাম ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১৪ সালের ৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বারিধারা ও ডিওএইচএস তেলের ডিপোর মাঝামাঝি রেললাইন সংলগ্ন একটি ডাস্টবিনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কঙ্কালসার ও মৃতপ্রায় গৃহকর্মী আদুরীকে। উদ্ধারের সময় তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন ছিলো। মারধর, গরম খুন্তি ও ইস্ত্রির ছ্যাঁকা, ব্লেড দিয়ে শরীর পোঁচানো, মাথায় কোপ, মুখে আগুনের ছ্যাঁকা, খেতে না দেওয়া কিছুই বাদ যায়নি নির্যাতনের তালিকা থেকে।
প্রায় দেড় মাস আদুরীকে চিকিৎসা দেয় ঢাকা মেডিক্যাল। দেড় মাস পর যখন তাকে রিলিজ দেওয়া হয় তখনও সে ভালোভাবে কথা বলতে পারতো না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ৭ নভেম্বর সে তার নিজ বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি ইউনিয়নে চলে যায়।
এদিকে ওই ঘটনায় ২৬ সেপ্টেম্বর পল্লবী থানায় নওরীন জাহান নদী, তার স্বামী সাইফুল ইসলাম মাসুদ, মাসুদের দুলাভাই চুন্নু মীর ও তাদের আত্মীয় রনিকে আসামি করে মামলা করা হয়। তবে পুলিশের তদন্তে অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগপত্র থেকে মাসুদ, চুন্নু মীর ও রনিকে বাদ দেওয়া হয়। তদন্তে নদীর মা ইসরাত জাহানের সম্পৃক্ততা পাওয়ায় নতুন করে তাকে আসামি করা হয়।
মামলার পর ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় নদীকে। সেই থেকে নদী কারাগারে আটক আছেন। জামিনে আছেন তার মা ইসরাত জাহান।
গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদুরীকে নির্যাতনের কথা স্বীকার করে ওই বছরের ১ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নদী। আদুরীও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৩ সালের ১০ অক্টোবর গৃহকর্তী নওরীন জাহান নদী ও তার মা ইসরাত জাহানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই কুইন আক্তার। ২০১৪ সালের ৬ জুন আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে ১৩ সাক্ষির সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
জুলাই ২০১৭/মাহি






















































