
পূর্বাশা ডেস্ক:
অনুমোদনহীন মাদ্রাসা নিবন্ধন না করলে এ বছরের এবতেদায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারবে না প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৫ অক্টোবরের পর নিবন্ধহীন মাদ্রাসার তালিকা করে কঠোর পদক্ষেপ নেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসার নামের সঙ্গে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
প্রায় দুই দশক ধরে অনুমোদন ছাড়াই চলছে ঢাকা ক্যাডেট মাদ্রাসা। মিরপুর আরিফাবাদ হাউজিং এলাকায় একটি ভবনের দুইতলা ভাড়া নিয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। ইংরেজি ও আরবি মাধ্যমে চলছে শিক্ষাদান। অভিভাবকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানের নামের সাথে ক্যাডেট শব্দ জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বাবদ নেয়া হয় পাঁচ হাজার টাকা, প্রতিমাসে বেতন ১৫’শ টাকা। প্রচলিত ক্যাডেট শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনেই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বলে দাবি কতৃপক্ষের।
চার বছর আগে প্রতিষ্ঠিত নিবরাস ইন্টারন্যাশনাল মাদ্রাসারও নেই অনুমোদন। রাজধানীর বনশ্রীর পর দ্বিতীয় শাখা খোলা হয়েছে মোহাম্মদপুরে শেখেরটেক এলাকায়। পাঁচ তলা ভবনের ছোট-ছোট কক্ষে চলছে পাঠদান। কর্তৃপক্ষের দাবি, জায়গার অভাবে নিয়মিত জাতীয় সঙ্গীত গাওয়া হয় না প্রতিষ্ঠানে। ইংরেজী ও আরবি মাধ্যমে পাঠদান হয় বলে প্রতিষ্ঠানের নামের সাথে ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
সারাদেশে এ ধরনের অনুমোদনহী প্রতিষ্ঠানের সংখ্যার হিসাব নেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, কেবল ব্যবসায়িক কারণেই লাগামহীন বাড়ছে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ ব্যবহার করা অবৈধ মাদ্রাসার সংখ্যা।
বোর্ড কর্তৃপক্ষ বলছে, অনুমোদনহীন মাদ্রাসার নিবন্ধনের পাশাপাশি প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও কার্যক্রমও আগামীতে নিবিড়ভাবে তদারকি করা হবে। প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে গাইতে হবে জাতীয় সঙ্গীত, পালন করতে হবে জাতীয় দিবস।
জুলাই ২০১৭/মাহি

























































