বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধকে পেটাচ্ছিলেন শহরের চিহ্নিত সন্ত্রাসী


নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধকে পেটাচ্ছিলেন শহরের চিহ্নিত সন্ত্রাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
“বাবা আমাকে আর মারবেন না। আমি অসুস্থ বাবা। তিন বার স্টোক করেছি। বাবাগো তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার পায়ে পড়ছি”। গত সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় প্রকাশ্যে ৬৫ বছরের এক বৃদ্ধকে পেটাচ্ছিলেন শহরের চিহ্নিত সন্ত্রাসী দারুণ। মার সহ্য করতে না পেরে এভাবেই আকুতি মিনতি করেও শেষ রক্ষা হয়নি ওই বৃদ্ধের। শেষতক বৃদ্ধকে খায়েশমতো পিটিয়ে স্থান ত্যাগ করে ওই সন্ত্রাসী। এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ না করতে শাসানো হয় আহত বৃদ্ধকে। উপায়ান্তর না পেয়ে ওই দিন রাতেই বৃদ্ধ সুভাস চন্দ্রের ছেলে সুবীর চন্দ্র নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গিয়ে আশ্রয় নেয়। পুরো ঘটনা জানিয়ে এর প্রতিকার চাইলে তাৎক্ষণিক নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিনের নির্দেশে ঘটনার হোতা শহরের চিহ্নিত সন্ত্রাসী হুমায়ূন রশীদ দারুণকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। মারধরের শিকার বৃদ্ধ সুভাস চন্দ্র রায় ফতুল্লার পুলিশ লাইন এলাকার বাসিন্দা। তার ছেলে সুবীর চন্দ্র রায় শহরের টানবাজার এলাকার সুতা ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সুতা ব্যবসায়ী সুরীরের বন্ধু আকবর আলী বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেছেন। ঘটনার শিকার সুভাস চন্দ্রের ছেলে সুরীর চন্দ্র বলেন, সোমবার বিকালে শহরের ডিআইটি করিম মার্কেটের সামনে বন্ধু আলী আকবরের প্রাইভেটকার দেখে শহরের চিহ্নিত সন্ত্রাসী দারুণ এসে চালক বিপ্লবকে জিজ্ঞাসা করে “এই গাড়িকি আকবরের। বিপ্লব হ্যাঁ সূচক জবাবের পরেই দারুণ বলে “তোরে চাকার নীচে পিশাইয়া মারমু। বিপ্লব কারণ জানতে চাইতেই তাকে বেধড়ক পেটাতে থাকে দারুণ। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আমার বাবা সুভাস চন্দ্র ঘটনা প্রত্যক্ষ করে দারুণকে বলে “বাবা তুমি ওকে মারছ কেন। ছেড়ে দাও। ও কোন দোষ করলে আমাকে বল”। এ কথা বলতেই বাবাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে কিল, ঘুষি, লাথির পর লাথি মারতে থাকে। বাবা চিৎকার করে বলতে থাকে “বাবা আমি অসুস্থ স্টোকের রোগী। বাবার চিৎকারে আশপাশের মানুষ সন্ত্রাসী দারুণকে অনুরোধ করেও কোন লাভ হয়নি। জানোয়ারের মতো বাবাকে পেটাতে থাকে। একপর্যায়ে খায়েশমত মারধর শেষে চলে যায় দারুণ। গুরুতর আহত অবস্থায় চালক বিপ্লব ও বাবাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার পর আমি আমার ঘনিষ্ঠ দুই একজনকে বিষয়টি জানাই।
এদিকে এ ঘটনার পরেই গতকাল সকালে মামলার বাদী আলী আকবরের বাড়ি ঘিরে ফেলে সন্ত্রাসীরা। তারা দারুণের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে অপর সন্ত্রাসী দেলুকে গ্রেপ্তার করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। বৃদ্ধ সুভাস চন্দ্রের বাসায় গিয়ে দেখা যায়, পুরো শরীরে মারের দাগ। বিছানায় কাতরাচ্ছেন। প্রতিবেদককে বলেন, বাবারে অনেক অনুরোধ করছি ছেলেটারে, তার কোন মায়া নেই। না মারতে যত আকুতি করেছি ততই জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) জানান, ঘটনাটি আমাদের পুলিশকে ব্যথিত করেছে। থানায় এসে হাউমাউ করে কেঁদেছে বৃদ্ধের ছেলে। আমরা ওই সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। এ ঘটনায় জড়িতরা যত প্রভাবশালী হোক ছাড় দেয়া হবে না।

১৯ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি