
পূর্বাশা ডেস্ক:
কি ছিল না তার, গাড়ি-বাড়ি সহায়-সম্পদ! সবই ছিল। সে সব দিয়ে তিন ছেলেকে করেছেন সমাজে প্রতিষ্ঠিত। বড় ছেলে চিকিৎসক। মেজোটা নামকরা ব্যবসায়ী। ছোট ছেলেও অবস্থাসমপন্ন। কিন্তু এই বাবা তার জীবনের শেষ দিনগুলো কাটালেন অযত্ন-অবহেলায়। মারা যাওয়ার পর তার মরদেহ সন্তানেরা নেননি।
এর চেয়েও বড় বেদনার, মরদেহের অবমাননা। বাবার মরদেহ নিতে বললে চিকিৎসক ছেলে সাফ জানিয়ে দেন, ‘আমি অফিসের জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি। বাবার লাশ আঞ্জুমানে মফিদুলে দিয়ে দিন।’
হতভাগ্য এই বাবার নাম হামিদ সরকার। তিনি জোনাল সেটেলমেন্ট অফিসার ছিলেন। জামালপুরের বাসিন্দা বাবার রাজধানীর উত্তরা ৩নং সেক্টরে নিজের বাড়ি ছিল, যা তিনি তিন ছেলের নামে লিখে দিয়েছেন।
হৃদয়বিদারক সত্য এই ঘটনা উঠে এসেছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের এক স্ট্যাটাস থেকে। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি ‘একটি সত্য ঘটনা’ শিরোনামে স্ট্যাটাসটি দেন।
এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই মোহাম্মদ সাহেদের কাছে এই তিন ছেলের নাম-পরিচয় প্রকাশের অনুরোধ করেছেন।
বাবার প্রতি দায়িত্ব পালন নিয়ে ছেলেদের অবস্থানের কড়া সমালোচনা করেছেন অনেক মন্তব্যকারী। আবার অনেকেই বাবাকেও দুষছেন এই বলে যে, অর্থবিত্ত আর বিলাসিতার মাধ্যমে হামিদ সরকার ছেলেদের ‘শিক্ষিত অমানুষ’ করে গড়ে তুলেছেন।
মোহাম্মদ সাহেদের স্ট্যটাসটি দেওয়া হলো;
একটি সত্য ঘটনা, সবাইকে পড়ার অনুরোধ রইল। লোকটির নাম হামিদ সরকার, তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ছিল জামালপুরে। আমার সঙ্গে তার পরিচয়ের সূত্রটা পরেই বলছি।
আমি যখন উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রথম শাখা তৈরি করি, তখন উত্তরা পশ্চিম থানার তৎকালীন ওসি এবং মসজিদের ইমাম সাহেব আমার কাছে আসেন। বললেন, একজন লোক অনেক দিন ধরে মসজিদের বাইরে পড়ে আছেন। অনেকে ভিক্ষুক ভেবে তাকে দু’চার টাকা ভিক্ষা দিয়ে যাচ্ছেন। ইমাম সাহেব প্রতিদিন তার জন্য পাঠানো খাবার থেকে কিছু অংশও লোকটিকে দিয়ে আসছেন।
হঠাৎ লোকটি অসুস্থ হয়ে পড়ায় তারা (ইমাম সাহেবসহ অন্যরা) আমার শরণাপন্ন হলেন। এমতাবস্থায় আমি লোকটিকে আমার হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি এবং দায়িত্বরত চিকিৎসক ও অন্যান্য সকল কর্মকর্তা/কর্মচারীকে অবগত করি যে, এই লোকটির (হামিদ সরকার) চিকিৎসার সকল দায়ভার আমার ও এর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়।
হামিদ সরকার নামক লোকটির সম্পর্কে খোঁজ নিয়ে আমি রীতিমত অবাক হলাম। তিনি একজন অবসরপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার। তার তিন ছেলের মধ্যে তিনজনই বিত্তশালী। উত্তরা তিন নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি আছে যা ছেলেদের নামে লিখে দিয়েছেন।
তার বড় ছেলে চিকিৎসক। নিজস্ব ফ্ল্যাটে স্ত্রী, শ্যালিকা এবং শ্বাশুড়ি নিয়ে থাকেন অথচ বৃদ্ধ বাবার জায়গা নেই। মেজো ছেলে ব্যবসায়ী, তারও নিজস্ব বিশাল ফ্ল্যাট আছে, যেখানে প্রায়ই বাইরের ব্যবসায়িক অতিথিদের নিয়ে পার্টি হয়। অথচ বাবা না খেয়ে রাস্তায় পড়ে থাকেন।
ছোট ছেলেও অবস্থাসম্পন্ন। কিন্তু স্ত্রীর সন্তুষ্টির জন্য বাবাকে নিজের ফ্ল্যাটে রাখতে পারেন না। সকল সন্তান স্বাবলম্বী হওয়া সত্ত্বেও বাবার স্থান হয়েছে মসজিদের বারান্দায়। সেখান থেকে আমার হাসপাতালে।
মোহাম্মদ সাহেদ লেখেন, ‘আমার হাসপাতালে আগত রোগীর ক্ষেত্রে রক্তের প্রয়োজন হলে আমি দেওয়ার চেষ্টা করি। সেদিনও হামিদ সরকারকে আমি রক্ত দিয়েছিলাম। আশ্চর্যের বিষয় হলো, তিনি ১৫ দিন আমার হাসপাতালে ছিলেন অথচ কোনো একজন ছেলে ১৫ মিনিটের জন্যও তার খোঁজ নেননি।’
তিনি আরো লেখেন, ‘দুঃখজনক হলো, সর্বোচ্চ চেষ্টার পরেও একটা কার্ডিয়াক অ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুর পরে আমি তার বড় ছেলেকে ফোন করি। তিনি আমাকে প্রতি উত্তরে জানান যে, তিনি জরুরি মিটিংয়ে আছেন এবং লাশটি যেন আঞ্জুমান মফিদুল ইসলামে দিয়ে দেওয়া হয়। পরে আর কোনো আত্মীয়-স্বজনের কাছ থেকে সাড়া না পেয়ে আমি নিজ উদ্যোগে স্থানীয়ভাবে তার মরদেহ যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করি।’
শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘লেখাটি আমি কোনো প্রকার বাহবা নেওয়ার জন্য লিখিনি। আজ আমি নিজেও একজন বাবা। সন্তানের একটু সুখের জন্য দিনরাত একাকার করছি। সেই সন্তান যদি কোনো দিন এ ধরনের আচরণ করে তখন আমার কেমন লাগবে, শুধুমাত্র এই অনুভূতি থেকে লিখেছি।’
তিনি বলেন, ‘আমার মনে একটা প্রশ্ন- আমরা যারা বাবা-মাকে অসম্মান-অবহেলা করি তারা কি একবারও ভেবে দেখি না, একদিন ওই জায়গাটাতে আমরা নিজেরাও গিয়ে দাঁড়াব। আজ আমি আমার বাবা-মায়ের সঙ্গে যে আচরণ করছি, তা যদি সেদিন আমার সন্তান আমার সঙ্গে করে? আজ আমাদের বাবা-মায়েরা সহ্য করছেন। কাল আমরা কি সহ্য করতে পারব?’
২০/০৭/২০১৭/ Choity.






















































