শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আজ  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তার উত্তর পাশে  অবস্থান নেন  শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। এরপর তারা রাস্তায় দলবেধে দাঁড়িয়ে গেলে পুলিশ তাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যেতে বলে।

এ সময় শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের দুইদিক থেকে ঘিরে ধরে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়লে তিন শিক্ষার্থী আহত হন।

এ সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুটিনসহ পরীক্ষার সময় ঘোষণা করতে হবে। তবে ওই সাত কলেজের একটির কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার সময় চূড়ান্ত করা হয়েছে। তবে আন্দোলনকারীরা জানান, মৌখিক ঘোষণা নয়, তারা রুটিনসহ পরীক্ষার সময়সূচি চান।

এদিকে গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার সময় ঠিক করা হয়। সে অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হওয়ার কথা।

গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

পূর্বাশানিউজ/২০ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি