
পূর্বাশা ডেস্ক:
সাপ দেখে ভয় পায় না এমন লোক পাওয়া দুস্কর। কিন্তু সেই সাপ যদি থাকে নিজের শয়ন কক্ষে তাহলে বিষয়টি কেমন ভয়ংকর হতে পারে। সেই লোমহর্ষকর ঘটনা ঘটেছে ধামরাইয়ের ভালুম গ্রামে রবিউল ইসলামের বাড়িতে। দীর্ঘদিন ধরে সাপের সঙ্গে বসবাস করছে তার পরিবার। গত বুধবার বিকেলে তার শয়ন কক্ষ থেকে মারা হয়েছে একে একে ২৯টি বিষধর গোখরা সাপ। এছাড়াও ধামরাই উপজেলা সমাজসেবা অফিস কক্ষ ও এক সাংবাদিকের বাড়ির পাশ থেকে মারা হয়েছে আরও ১৫টি। সাপ আতংক এখন পুরো উপজেলা জুড়ে।
জানা গেছে, ধামরাইয়ের ভালুম গ্রামের আতাউর রহমানের ছেলে রবিউল করিমের বসত ঘরের একটি গর্তের মুখে গত বুধবার বিকেলে সাপের খোলস দেখতে পান। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই মাটি খুঁড়লে গর্ত থেকে একেএকে বেরিয়ে আসে ২৯টি গোখরা সাপ। এক একটি সাপ দেড় থেকে দুই ফুট লম্বা। এ সময় সাপগুলো পিটিয়ে মারা হয়। এরআগে গত মঙ্গলবার পাশের কালামপুর গ্রামের সমকালের সাংবাদিক মোকলেছুর রহমানের বাড়ির পাশ থেকেও ১৪টি ও ধামরাই উপজেলা পরিষদ ভবনের সমাজসেবা অফিস কক্ষ থেকে একটি বড় গোখরা সাপ পিটিয়ে মারা হয়। এসব বিষধর সাপ বেড়িয়ে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম সাপ আতংকের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত দুই বছর আগেও ধামরাইয়ের শোলধন গ্রামের মৃত সফি উদ্দিনের স্ত্রী মাছেলা বেগমের বসত ঘর থেকে ৫১টি, কালামপুর গ্রামের আরফান আলীর ঘর থেকে ১৯টি, পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে শতাধিক ও ধামরাই থানা পুলিশ কোয়ার্টার থেকে দুটিসহ দুই শতাধিক বড় গোখরা সাপ পিটিয়ে মারা হয় এবং আড়াই শতাধিক ডিমও ধ্বংস করা হয়েছিল। ধামরাইয়ে সাপের কাঁমড়ে মারা গেছে সর্পমানব নামে খ্যাত আতুল্লাচর গ্রামের রাজুসহ কয়েকজন।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামে সাপে কামড়ালে ঝাড়-ফুঁক ছাড়া কোন চিকিৎসা দিতে না পারায় মারা যাচ্ছে অনেকে। তাদের দাবি গ্রামের লোকজনদের সাপে কামড়ালে তারা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা থেকে চিকিৎসা নিয়ে ভাল হতে পারে এমন ব্যবস্থা করার।
এব্যাপারে ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, বাড়িতে সাপ আসার আশংকা থাকলে কার্বলিক এসিড রাখাতে হবে।
২০ জুলাই ২০১৭/ Choity.






















































