
পূর্বাশা ডেস্ক:
আন্দোলন ও সমালোচনা সত্ত্বেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বিকৃতভাবে’ স্থাপনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, অনুমোদিত নকশার সঙ্গে স্থাপিত ভাস্কর্যটির কোনো মিল নেই।
জানা গেছে, গ্রীষ্মকালীন ও ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে স্বল্প জায়গায় ভাস্কর মৃণাল হককে দিয়ে জাতির জনকের ভাস্কর্যটি স্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১০ মে প্রশাসনিক ভবনের নিচে মাত্র কয়েক ফুট জায়গায় ভাস্কর্যটির বেদি নির্মাণ শুরু করা হয়। বিষয়টি নজরে আসলে স্বল্প জায়গায় ভাস্কর্য নির্মাণ বন্ধ করে বৃহৎ পরিসরে নির্মাণের দাবিতে ২৩ মে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়াও পরিকল্পিতভাবে বড় পরিসরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য উপাচার্যকে বেশ কয়েকবার অনুরোধ জানায় শিক্ষক সমিতি।
এরপরও কোনো কিছু আমলে না নিয়ে স্বল্প পরিসরে প্রশাসনিক ভবনের নীচে ভাস্কর্য নির্মাণ করে প্রশাসন। এ কাজের তত্ত্বাবধান করে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা।
নির্মিত ভাস্কর্যটিতে দেখা যায়, বঙ্গবন্ধুর হাতের চেয়ে পায়ের দিকের অংশ খাটো করা হয়েছে। অনুমোদিত নকশায় ভাস্কর্যটির মাথার চুল ও গায়ের কোর্ট কালো রঙের হওয়ার কথা থাকলেও তা করা হয়েছে সাদা রঙের।
বঙ্গবন্ধুর প্রিয় চশমাটিও অনুপস্থিত ভাস্কর্যটিতে। ভাস্কর্যটিতে পরানো হয়েছে খাটো পাঞ্জাবি। কংক্রিটের যে পাটাতনের উপর এটি বসানো হয়েছে সেটিরও অনুমোদিত নকশার সঙ্গে মিল নেই। সর্বোপরি মূল বেদি থেকে বঙ্গবন্ধুর হাতে থাকা পায়রা পর্যন্ত ১৫ ফুট উচু হওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি।
এদিকে ভাস্কর্যটি যাতে দেখা যায় সেজন্য আমতলা নামে পরিচিত স্থানটি থেকে বড় আম গাছটি এবং এর পাশে অবস্থিত ছোট টিলার অংশ বিশেষ কেটে ফেলেছে প্রশাসন। এ নিয়েও ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মাঝে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ছাত্রলীগ জাতির জনককে বিকৃতভাবে উপস্থাপন মেনে নেবে না। আমরা প্রশাসনকে আগামী সপ্তাহে এ বিকৃত ভাস্কর্য সরিয়ে প্রকৃত ভাস্কর্য বসাতে বলব। তা না হলে শাখা ছাত্রলীগ কঠোর আন্দোলন করবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহিদুল হাসান বলেন, ‘ভাস্কর্যটি অনুমোদিত নকশার সঙ্গে মিলছে না বলেই আমরা শিল্পীকে এ ভাস্কর্যটি সরিয়ে নিয়ে প্রকৃত ভাস্কর্য স্থাপনের জন্য বলেছি।’
জুলাই ২০১৭/রুমকী

















































