
পূর্বাশা ডেস্ক:
বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান তার ফেরিভায়েড ফেসবুক পেজে মিথিলাকে নিয়ে একটি যৌথ পোস্ট করেছিলেন। একদিন না যেতেই বিবাহ বিচ্ছেদের বার্তা সরিয়ে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে দেওয়া বিবৃতিটি শুক্রবার থেকে দেখা যাচ্ছে না। সেখানে সর্বশেষ ২ জুলাইয়ের একটি ভিডিও আপলোড করা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিবাহবিচ্ছেদের ওই পোস্টের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাহসানকে। তার ভক্তদের কাছে বিষয়টি ছিলো অপ্রত্যাশিত। তাই তারা তাহসানের সিদ্ধান্তের সমালোচনা করেন, প্রতিক্রিয়া জানান। কয়েক ঘণ্টার মধ্যে সেই পোস্টে ২১ হাজারেরও বেশি মন্তব্য আসে। ১২ হাজারেরও বেশি মানুষ পোস্টটি শেয়ার করে নিজেদের মন্তব্য জানান। এতে ভক্তদের কাছে অনেকটাই ইমেজসংকটে পড়েন তাহসান। তাই বিবাহবিচ্ছেদের সেই পোস্ট সরিয়ে নিতে বাধ্য হন তিনি।
তাহসান ও মিথিলা বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় জানান, ‘কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’
২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খানের জন্ম ২০১৩ সালে ৩০ এপ্রিল।
জুলাই ২০১৭/রুমকী

























































