শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ ফাইভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ ফাইভ কমেছে প্রায় অর্ধেক।

বোর্ডে এবার পাসের হার ৭২ শতাংশ। গত বছরে এই হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ। গত বছর এক হাজার ৩৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৭০০ জন।

এবারের পরীক্ষায় মোট ৬৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৬ হাজার ৭৯৭ জন।

রবিবার দুপুর দেড়টায় বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম।

ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিসংখ্যান ও উচ্চতর গণিতে বেশি শিক্ষার্থী ফেল করায় এবার জিপিএ-৫ কমেছে বলে মনে করেন শিক্ষাবোর্ড কর্মকর্তারা। এছাড়া সিলেট অঞ্চলে বন্যার প্রভাবও ফলাফলে পড়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘গত বছরের মতো এবারো ইংরজিতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজি বিভাগে এবার ৮২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করেছে ৮ শতাংশ। দুটি বিষয় আবশ্যিক সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে।’

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার হলো সিলেটে ৭৬ দশমিক ১৩, হবিগঞ্জে ৬৯ দশমিক ১৩, মৌলভীবাজারে ৬৫ দশমিক ৮৩ ও সুনামগঞ্জে ৭৩ দশমিক ৩০ শতাংশ।

গত বছর ছেলেরা ভালো ফল করলেও এবার মেয়েরা বশি পাস করেছে। ২৯ হাজার ৮৮৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩০ জন। অন্যদিকে ৩৫ হাজার ১২২জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৭৬৭ জন।ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৭৩ দশমিক ৩৬ শতাংশ।

বোর্ডে এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি পাস করেছে। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৭ দশমিক ৩৭ শতাংশ, মানবিক বিভাগে ৬৭ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৩ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী। বোর্ডে এবার ৭০০ জন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ৬০৪ জন।

সিলেট শিক্ষা বোর্ডে এবারের অন্যতম সাফল্য- কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। পরীক্ষায় অংশ নেয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে চার হাজার ৯২২ জন, এ মাইনাস গ্রেডে সাত হাজার ৯৯৬ জন, বি গ্রেডে ১২ হাজার ৩৪১ জন, সি গ্রেডে ১৯ হাজার ২৮৪ জন ও ডি গ্রেডে এক হাজার ৫৯০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি