
ডেস্ক রিপোর্ট :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিখোঁজের আটদিন পর গত শনিবার লিজা আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লিজার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে গেলে লিজার জরায়ু, লিভার, ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ পাননি ময়নাতদন্তকারী চিকিৎসক।
এ ব্যাপারে ময়নাতদন্তকারী শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক সাবরিনা খান জানান, মরদেহটি প্রায় এক সপ্তাহ আগের। তার শরীরের বেশিরভাগ অংশই পচে গেছে। রাসায়নিক পরীক্ষার জন্য কিডনি ও লিভার সংরক্ষণ করতে গিয়ে মেয়েটির শরীরের অঙ্গগুলো পাওয়া যায়নি। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা, তা পরীক্ষা করার জন্য আলামত সংগ্রহ করতে গিয়ে দেখা যায় তার জরায়ুও নেই। তাই লিজার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন লিজার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি। কোনো জীবজন্তু খেয়েছে নাকি অন্য কোনো ঘটনা সেটি তদন্ত করছি। শরীয়তপুর সদর হাসপাতালের আরএমওর দায়িত্বে থাকা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, গতকাল (শনিবার) লিজার মরদেহ নিয়ে এলে মরদেহের ময়নাতদন্ত করেন সদর হাসপাতালের চিকিৎসক সাবরিনা খান ও এহসানুল হক। লিজার চুলসহ শরীরের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ পাননি তারা। আমরা ডাক্তারা ধারণা করছি কোনো অপরাধী চক্র লিভার, ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্র বিক্রি করার জন্য এটা করতে পারে। তাই ডিএনএ টেস্ট করার জন্য শরীরের কিছু অংশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহাখালীতে পাঠিয়েছি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই শনিবার বিকালে স্কুল ছুটির পর বাইসাইকেল নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হয় লিজা। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে এ ঘটনায় সখিপুর থানায় একটি জিডিও করা হয়। এর আটদিন পর গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামের একটি পাটক্ষেতের পানিতে লিজার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জুলাই ২০১৭/মাহি






















































