মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলের দিনক্ষণ পরিবর্তন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। কিন্তু দিনক্ষণে এসেছে পরিবর্তন। নতুন তারিখ অনুযায়ী বিপিএলের উদ্বোধন ৩১ অক্টোবর আর শুরু হবে ২ নভেম্বর।

আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

‘বিপিএল দুই দিন এগিয়ে আনা হয়েছে। ৪ তারিখের বদলে ২ তারিখ শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। আসর শুরুর দুই দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ’

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, এসব ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট শুরুর সময়ের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংঘাত হতে পারে বলেই আসর শুরুর তারিখে পরিবর্তন আনা হয়েছে বলে জানান ইসমাইল হায়দার মল্লিক।

‘অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সময়ের সঙ্গে আমাদের বিপিএলের সময়ের একটা সংঘাত দেখতে পাচ্ছি। যে কারণেই আমরা বিপিএলকে দুই দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, সর্বশেষ আসরে খেলেছিল সাতটি দল। এবার দল বেড়ে হয়েছে আটটি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট। তবে সিলেট এবার আর সিলেট রয়্যালস থাকছে না। নতুন নাম ‘সিলেট সুরমা সিক্সেস’ নামে তালিকায় থাকবে।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি