বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তি মারা যান।

নিহত ব্যক্তির নাম কাজী মাহাবুব হোসেন (৫০)। তাঁর বাড়ি শহরের পাবলিক হল রোড মধ্যপাড়া এলাকায়। তিনি সদর উপজেলা ভূমি কার্যালয়ে দলিল বেচাকেনা ও লেখার কাজ করতেন এবং হরিদাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কাজী মাহবুবের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে আকাশ নামের স্থানীয় এক বখাটে কিশোর প্রায়ই উত্ত্যক্ত করত। আকাশকে একাধিকবার নিষেধ করলেও সে শোনেনি। পরে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করেন মাহবুব। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কিছুদিন আগে আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায় আকাশ।

এর জেরে গত ১৫ জুলাই আকাশ ও তার বন্ধুরা বাড়ির সামনে মাহবুবকে ছুরিকাঘাত করে। তাঁকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৭ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে মাহবুব মারা যান।

ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি