সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চরফ্যাসনে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভোলার চরফ্যাসনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে মেঘনা উপকূলীয় লাধিক জেলে পরিবারের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রতিদিন বিপুল ইলিশ ধরা পড়ায় জেলেপল্লীতে বইছে আনন্দের বন্যা। জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত ইলিশের ভরা মওসুম হলেও সাগর-নদীতে ইলিশ না পাওয়ায় দাদনের বোঝা ও সংসারের ঘানি টানতে গিয়ে দীর্ঘ দিন ধরে জেলেরা দুঃসহ জীবনযাপন করছিলেন। পরিবার পরিজনের জন্য নিতপ্রয়োজনীয় কেনাকাটা করতে এবং সন্তানদের পড়াশুনার খরচ জোগাতে তারা হিমশিম খাচ্ছিলেন। এরপর মঙ্গলবার থেকে তাদের জালে প্রচুর ইলিশ উঠতে শুরু করে। শুক্রবার পর্যন্ত চার দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ায় জেলেপল্লীগুলোতে উৎসব শুরু হয়। জেলেদের মতে এভাবে সপ্তাহজুড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়লে তাদের অভাব দূর হবে।

এ দিকে মৎস্যঘাটগুলোতে আগের তুলনায় ইলিশের দাম কমলেও একটি সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের দাম কমেনি। টানা কয়েক দিন জেলেদের জালে বিপুল ইলিশ আটকা পড়ায় উপকূলের জেলে, মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সামরাজ, বকশী, খাজুরগাছিয়া, ঘোষেরহাট, মাদ্রাজ বেড়িভাঙ্গা, বেতুয়া, হাজীরহাট, ঢালচর, চরপাতিলা, কুকরি-মুকরি ইউনিয়নের প্রায় ১৬ হাজার জেলে মেঘনা নদীতে ইলিশ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি