শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক লেনে চলবে লাল বাস, অন্য লেনে সবুজ : মেয়র আনিসুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন পদ্ধতি চালু করা হবে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মহাখালি ডিএনসিসি (ঢাকা সিটি করপোরেশন মার্কেট) মার্কেটে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত বিশেষ সাধারণ সভায় তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ।

মেয়র বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। আবার ঢাকার পরিবহন মালিক শ্রমিকরাও সবচেয়ে বেশি পরিশ্রম করেন। তারপরও সবাই বিরক্ত এই পরিবহন ব্যবস্থার ওপর। তাই রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আমরা নতুন একটি পদ্ধতি নিয়ে আসছি। নতুন এ পরিবহন ব্যবস্থা আমাদের বা মালিক পক্ষের না। বিশ্বের যেসব দেশে কোন বিশৃঙ্খলা ছাড়াই গণপরিবহন চলে, এটি সেই পদ্ধতি। তবে রাজধানীর পরিবহন সেবায় নতুন এ পদ্ধতি চালু করা খুবই কঠিন কাজ। আমরা ধীরে ধীরে এর পদ্ধতির বাস্তবায়ন করবো। এই ব্যবস্থা চালু হওয়ার পর দেখা যাবে এক লেনে চলছে লাল বাস, অন্য লেনে সবুজ বা সাদা বাস।

নতুন এ পদ্ধতিতে কী কী থাকবে তা উল্লেখ করে মেয়র বলেন, নতুন এ ব্যবস্থায় যাত্রী ওঠা নামা নিয়ে কোন মারামারি থাকবে না। পরিবহনগুলো শৃঙ্খলাবদ্ধভাবে যাত্রী ওঠাবে এবং গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে। বাসের জন্য আলাদা লেনসহ প্রায় ৪ হাজার নতুন বাস নামানো হবে। পাশাপাশি ৫ বছরের পুরাতন বাস উঠিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানীতে এতোগুলো পরিবহন কোম্পানিও থাকবে না, সব পরিবহন কোম্পানিগুলোকে ৫/৬টি কোম্পানিতে নিয়ে আসা হবে। মালিকদের বিনিয়োগ অনুযায়ী তারা মুনাফা পাবেন। তবে আমি সবাইকে বলতে চাই, দু’এক দিনে এ ব্যবস্থা চালু করা সম্ভব নয়। আমরা সবাইকে নিয়ে আস্তে আস্তে এ ব্যবস্থা চালু করব।

২৫ জুলাই, ২০১৭ ইং/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি