
পূর্বাশা ডেস্ক:
টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে কুমিল্লা নগরবাসী। গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর বেশ কিছু এলাকা ও সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরের অধিবাসীরা।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, কুমিল্লা নগরীর অশোকতলা, ছায়াবিতান, ডিগ্রি কলেজ রোডসহ বিভিন্ন সড়ক ডুবে গেছে হাঁটু সমান পানিতে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে দৈনন্দিন কাজের জন্য ঘর থেকে বের হতে পারছে না মানুষ। বাসাবাড়ির প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের বাসাবাড়িতে পানি ওঠায় রান্না-বান্নাও করতে পারছে না তারা। কয়েক দিনের বৃষ্টির পানিতে ড্রেনের নোংরা পানিসহ বিভিন্ন পোকা-মাকড় ঘরবাড়িতে ঢুকে পড়েছে।
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনের সামনে হাঁটু সমান পানি উঠেছে। নগরীর রেইসকোর্স কাঠের পুল এলাকায় কোমর সমান পানি উঠে যাওয়ায় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসব সড়কগুলোতে জাল পেতে ছোট শিশুদের মাছ ধরতে দেখা যায়।
অপরদিকে, নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। সড়কগুলো হলো কান্দিরপাড় পূবালী চত্বর, নজরুল এভিনিউ রোড, চকবাজার চৌমুহনী, রাজগঞ্জ, শাসনগাছা, ধর্মপুর, ইপিজেড রোড, রামমালা রোড, সার্কুলার রোড, রেইসকোর্সসহ বেশ কিছু সড়ক। এ ছাড়া সংস্কারকৃত নজরুল এভিনিউ সড়কটি সংস্কারের বছরখানেক না যেতেই আবারও সৃষ্টি হয়েছে খানা-খন্দ।
চকবাজার এলাকার ব্যবসায়ী শাহ আলম মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এ সড়কটির বেহাল দশা। জোড়াতালি দিয়ে সড়কটি মেরামত করার পর আবারও ভেঙে যায়। ফলে প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। মেয়রের উদ্যোগে যদি সড়কটি ঠিক হয় ভোগান্তি কমে আসবে। ” শাসনগাছা এলাকার ওষুধ দোকানদার আবদুর রহিম বলেন, “ফ্লাইওভারের কাজ ধীর গতিতে হওয়ার কারণে শাসনগাছা সড়কটি দীর্ঘদিন বেহালে রয়েছে। সড়কটিতে বড় বড় ইটের সুড়কি ফেলে রাখায় বিভিন্ন যানবাহন চলাচলের সময় যেমন যাত্রীরা কষ্টের শিকার হয়, তেমনি প্রায়ই ঘটে দুঘর্টনা। বৃষ্টির সময় ভোগান্তি আরো বেড়ে যায়। ” এ ছাড়া রাজগঞ্জ বাজারের সামনে ভাঙা কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
২৬ জুলাই, ২০১৭/ Choity.

















































