শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে নিজ বাড়ির সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

সাবেক ওই শিক্ষকের নাম অনিল কুমার দাস (৬৮)। তিনি স্থানীয় বাছিরুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রীর নাম কল্পনা রানী দাস (৬০)।

প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়িতে শুধু স্বামী-স্ত্রীই থাকতেন। অনিল-কল্পনা দম্পতির একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল বুধবার রাত নয়টার দিকেও প্রতিবেশীরা অনিল ও কল্পনার কথাবার্তা শুনেছেন। আজ সকালে ওই বাড়িতে দুধ বিক্রি করতে গিয়ে দুধবিক্রেতা দেখেন, দরজা-জানালা খোলা কিন্তু কারও সাড়া নেই। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজকুমার সরকার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুজনের খোঁজে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া যায়। লাশের গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। লাশ দুটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অনিল কুমারের ভাই স্বপন সৌমিত্র বলেন, তাঁর ভাইয়ের কোনো শত্রু ছিল না। কীভাবে কী ঘটে গেল বুঝতে পারছেন না।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি