
পূর্বাশা ডেস্ক:
স্বাভাবিকের চাইতে ব্লাড সুগার বেশি থাকলে আপনিও হতে পারেন প্রিডায়াবেটিক- অর্থাৎ আপনার ডায়াবেটিস হবার ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিকে উপেক্ষা করবেন না। নতুন একটি গবেষণায় জানা যায়, কিছু সময়ের জন্য হলেও যদি আপনি ব্লাড সুগার স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে পারেন তাহলে অনেকটা কমে আসে ডায়াবেটিস হবার ঝুঁকি। জীবনযাত্রায় ছোট ছোট কিছু পরিবর্তন নিয়ে এলে তা করা সহজ হয়। আপনি যদি প্রিডায়াবেটিক হয়ে থাকেন, তাহলে এড়িয়ে চলুন এই ভুলগুলো-
১) ওজনকে অগ্রাহ্য করা
গবেষণা থেকে দেখা যায় দৈনিক জীবনে ছোট ছোট পরিবর্তন যেমন খাদ্যভ্যাস পাল্টানো এবং শারীরিকভাবে বেশি সক্রিয় থাকাটা ওজন কমাতে সহায়তা করে। আর ওজন ৫-৭ শতাংশ কমিয়ে আনতে পারলেও ডায়াবেটিস হবার সম্ভাবনা কমে আসে ৫৮ শতাংশ! পেটকে ঘিরে থাকা ফ্যাট লিভারের কাজে বাধা দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই ফ্যাট একটু কমলেও তা আপনার জন্য উপকারী।
কী করবেন তাহলে? খাবারের পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করুন। আপনার প্লেটের অর্ধেকে রাখুন সবজি ও ফল। এক চতুর্থাংশে রাখুন মাছ বা মুরগি, বাকি অংশে রাখুন ভাত, রুটি বা আলু।
২) ডাক্তারের কথা অগ্রাহ্য করা
আপনার ডাক্তার যদি আপনাকে বলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি আছে, ভুলেও তা এড়িয়ে যাবেন না। প্রিডায়াবেটিক হিসেবে চিহ্নিত হবার পর যত সময় যাবে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা তত বাড়বে। শুধু তাই নয়, প্রিডায়াবেটিক হলে আপনার হৃদরোগের সম্ভাবনাও বাড়ে ৫০ শতাংশ, আর কিডনির সমস্যা হবার ঝুঁকি থাকে ৭০ শতাংশ। তাই ডাক্তারের কথাকে গুরুত্ব দিন এবং তার পরামর্শ মেনে চলুন।
৩) নিষ্ক্রিয় জীবনযাপন
এক্সারসাইজ চারভাবে ডায়াবেটিসকে দূরে রাখে। এতে ওজন কমে, পেটের মেদ কমে, আপনার পেশিগুলো রক্ত থেকে চিনি কমিয়ে দেয় এবং শরীর ইনসুলিন ভালোভাবে ব্যবহার করে। ব্যায়াম করা মানে একেবারে অ্যাথলিটদের মতো জীবনযাপন করতে হবে না আপনার। সপ্তাহে পাঁচদিন আধা ঘন্টা করে ব্যায়াম করুন। হাঁটা দিয়ে শুরু করুন। এরপর এটাকে অভ্যাসে রূপান্তরিত করুন।
৪) যথেষ্ট ফাইবার না খাওয়া
খাবারে রাখুন ফাইবার। তারা ওজন কমাতে কাজে আসে, ফাইবার নিজে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং এগুলোতে থাকা বিভিন্ন খনিজ উপাদানও ব্লাড সুগার কমাতে সাহায্য করে। কীভাবে বেশি বেশি ফাইবার খাবেন? সবজি খান অবশ্যই। দিন শুরু করতে পারেন স্মুদি দিয়ে। ছোটখাটো ক্ষুধায় বিস্কুট বা চিপস না খেয়ে খান গাজর এবং শসা।
প্রিডায়াবেটিক হবার সম্ভাবনা আছে কী?
কিছু কিছু মানুষের প্রিডায়াবেটিক হবার সম্ভাবনা বেশি-
– ৪৫ বছর বা তার বেশি বয়স হলে
– ওজন বেশি হলে
– পিতামাতা কোনো একজনের ডায়াবেটিস থাকলে
– ভাইবোন কারো ডায়াবেটিস থাকলে
– গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে বা ৯ পাউন্ডের বেশি ওজনের শিশু জন্ম দিলে
– সপ্তাহে তিনদিনের কম শারীরিকভাবে সক্রিয় থাকলে
জুলাই ২০১৭/মাহি

























































