
পূর্বাশা ডেস্ক:
দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ি ও কমদামি সিগারেটের দখলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভবিষ্যতে দেশে আর বিড়ি থাকবে না।আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে তামাক ও তামাকজাত পণ্যের কোম্পনিগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৈঠকে তামাক ও তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিড়ি শ্রমিকদের স্বার্থে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আরো কয়েক বছর বিড়ি রাখার অনুরোধসহ কয়েক দফা প্রস্তাব দেন অর্থমন্ত্রীর কাছে। তাদের প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাঁরা তাঁদের প্রস্তাব দিয়েছেন। আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি বিড়ি শিল্প রাখব না।
বিড়ি বন্ধের বিরুদ্ধে কোনো রাজনৈতিক চাপ আসতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, বিড়ির ক্ষতিকর দিকগুলো সবাই অবগত আছেন। কাজেই এখন বিড়ি নিষিদ্ধ করা হলে কেউ প্রতিবাদ করবেন বলে আমার মনে হয় না।
অর্থমন্ত্রী বলেন, বিড়ি শিল্প নিষিদ্ধ হলে আমাদের রাজস্বে কিছুটা সমস্যা হতে পারে। তবে এটা আমরা অন্যভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।
বৈঠকে অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ জুলাই ২০১৭/ Choity.






















































