সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটি করপোরেশনই মানছে না সড়ক খনন নীতিমালা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

ডেস্ক রিপোর্ট :

একদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ড্রেনেজ বিভাগের কাজের ধীরগতি। অন্যদিকে সড়কজুড়ে ছড়ানো নির্মাণ সামগ্রী। ফলে যান ও পথচারীদের চলাচলে জনদুর্ভোগ চরমে। ছবিটি শনিবার রাজধানীর নাবিস্কো মোড় থেকে তোলা _যাযাদিঢাকার সড়ক খনন কাজের সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও কেউই তা মানছেন না। বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার দায়িত্বপ্রাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশনই তা অমান্য করে রাস্তা খোঁড়াখুঁড়ি, ফুটপাত, নর্দমা ও ড্রেনের উন্নয়ন কাজ করছে। অন্য সংস্থাগুলোকে সড়ক কাটার অনুমোদন দিয়ে যাচ্ছে হরহামেশা। এছাড়াও সড়ক খনন ফি বাবদ বিপুল অর্থ আদায় করলেও কাজ শেষে রাস্তার সংস্কার করা হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ২ হাজার ৩৫০ কিলোমিটার সড়কের মধ্যে চলতি বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ অন্তত ৪০০ কিলোমিটার সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২৫০ কিলোমিটার সড়কে উন্নয়ন ও সংস্কারের জন্য রাস্তা কাটছে ও খনন করছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০০ কিলোমিটার রাস্তা কেটে একই ধরনের কাজ করছে। এর বাইরে মেট্রোরেল, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পসহ অন্যান্য সংস্থার উন্নয়ন কাজ চলছে ৫০ কিলোমিটার সড়কজুড়ে। সম্প্রতি এর বাইরেও নতুন করে আরও কিছু সড়কে উন্নয়ন কাজ করছে সংস্থা দুটি যা সড়ক খনন নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি।
এসব উন্নয়ন কাজের নামে মিডিয়ান নির্মাণ, ড্রেনেজ, ফুটপাত ও মূল সড়ক সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ির কারণে রাজধানী ঢাকা রীতিমতো ক্ষতবিক্ষত। সড়ক কাটার পর ইট, খোয়া, পাথর, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাস্তার ওপর পরে থাকছে। বিভিন্ন স্থানে এসব উন্নয়নের ফলে তৈরি হচ্ছে গর্ত যা দীর্ঘদিন
যাবৎ খালি পরে থাকছে। সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতায় এসব গর্তে পরে বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়তে দেখা গেছে।

সদ্যসমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশন সড়ক খনন ফি বাবদ ৫৮ কোটি টাকা আদায় করেছে। এর মধ্যে ঢাকা উত্তর ৩২ কোটি ও দক্ষিণ ২৬ কোটি টাকা আয় করে। কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ শেষ হওয়ার পরও এসব রাস্তা ঠিক করেনি সংস্থা দুটি।
জানা গেছে, ঢাকার সড়ক খনন নীতিমালায় ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি নিষিদ্ধ। তবে রাজধানীতে দুই সিটি করপোরেশন ও অন্যান্য সেবা সংস্থাগুলোর উন্নয়ন কাজের গতি সারা বছর যেমনই থাকুক না কেন, প্রতি বছরই বর্ষার শুরু থেকে নগরীর বিভিন্ন সড়কে শুরু হয় উন্নয়নের মহাযজ্ঞ। এতে করে প্রতিনিয়তই মারাত্মক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন নাগরিকরা। নাগরিক ভোগান্তি ও খোঁড়াখুঁড়ি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলেও কোনো ভ্রূক্ষেপ করছে না কর্তৃপক্ষ। খোঁড়াখুঁড়ির এমন উন্নয়নের কবলে প্রতিদিনই থমকে যায় নগরজীবন। সীমাহীন ভোগান্তি পেরিয়ে দৈনন্দিন কাজ সারছেন নগরবাসী। মাসের পর মাস চলে গেলেও এর কোনো প্রতিকার মিলছে না।

এদিকে সড়ক খনন নীতিমালায় সার্বিক বিষয়ের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি ‘মনিটরিং সেল’ গঠন করার কথা বলা আছে। খননের অনুমতি দেয়ার সময় সড়কের নিচে পানি, পয়ো, গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ ইত্যাদি লাইন বা ব্যবস্থার পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাকে খননের সময় বেঁধে দেয়া হয়। আবেদনকারীর জন্য সড়ক খননের পদ্ধতি, ব্যবহৃত যন্ত্রপাতির বিবরণ, সময়সূচি, জননিরাপত্তা ব্যবস্থা, খননকৃত মাটি-রাবিশ অপসারণ ও প্রাথমিক পুনর্বাসন পরিকল্পনা এবং প্রযোজ্য ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেয়ার বিধান রাখা হয়েছে। খনন শুরুর ১৫ দিন আগে এলাকায় মাইকে ও লিফলেটের মাধ্যমে প্রচার করা, প্রয়োজনীয় জননিরাপত্তামূলক কার্যক্রম হাতে নেয়া, সাইনবোর্ডে খননের উদ্দেশ্য এবং কাজ শুরু ও সমাপ্তির তারিখ প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এতে বলা হয়, অনিবার্য না হলে খননকাজ শুধু রাতেই হবে এবং সকাল হওয়ার আগে খনন করা মাটি বা রাবিশ সরিয়ে নিতে হবে। কোনো প্রধান সড়ক খননের জন্য একবার কোনো সংস্থাকে অনুমতি দেয়ার পর অপরিহার্য না হলে পরবর্তী তিন বছরের মধ্যে ওই সড়কে আর কাউকে খননের অনুমতি দেয়া হবে না।

জানা গেছে, সড়ক খনন সমস্যা কমিয়ে আনতে ২০০৩ সালে ঢাকার সড়ক খনন নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণের জন্য ‘ঢাকা সড়ক খনন নীতিমালা’ প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত ‘ঢাকা শহরে সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক সেলের পরামর্শের ভিত্তিতে ওই নীতিমালাটি তৈরি হয়। নীতিমালাটি তৈরির কয়েক বছরের মধ্যে এর কার্যকারিতা হারায়। বিশেষ করে ঢাকাকে দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর বিষয়টি শুধু কাগজে-কলমের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক কাটাকাটির সময় এসব বিষয় প্রধান্য দেয়া হয় না। বেশিরভাগ জায়গাতে থাকে না কোনো তথ্য। নিরাপত্তা ব্যবস্থাও নড়বড়ে। সম্প্রতি রাজধানীর পল্টন এলাকায় ওয়াসার ম্যানহোল সংস্কারের সময় এক পথচারী মারা হওয়ার ঘটনাও ঘটেছে। যেসব এলাকায় রাস্তা কাটা হয় তা কখনোই মাইকে প্রচার করতে শুনেননি কেউ। লিফলেটও পাননি। আর একই সড়ক কয়েক মাসের ব্যবধানে বারবার কাটা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। ৩২৫ কিলোমিটার নর্দমা, ১২৫০ কিলোমিটার উন্মুক্ত পাইপও রয়েছে সংস্থাটির। এরমধ্যে ২৫০ কিলোমিটারজুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। গত এক বছরে রাজধানীর পল্লবী থেকে মিরপুর-১২ হয়ে আগারগাঁও পর্যন্ত ডিএনসিসি, তিতাস গ্যাস, ওয়াসা ও মেট্রোরেল প্রকল্পের কাজে খোঁড়াখুঁড়ি করছে সংরকারি সংস্থাগুলো। যা চলতি বর্ষ মৌসুমেও অব্যাহত আছে। সম্প্রতি নতুন করে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। রোকেয়া সরণির এই সড়কে বারবার খোঁড়াখুঁড়ির ফলে চরম বিরক্ত নগরবাসী। সিটি করপোরেশন সংশ্লিষ্টরা বলছেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এসব সড়ক খননের অনুমোদন দেয়া হচ্ছে।

তাদের অভিযোগ, বারবার খোঁড়াখুঁড়ি করলেও রাস্তা সংস্কার করা হয় না। কাটা অবস্থায় পরে থাকে দীর্ঘদিন। জলাবদ্ধতায় নির্মাণ সামগ্রী ও গর্তে পড়ে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। মিরপুর এলাকার স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস শিপু জানান, ‘রাস্তা খননের তো সময় আছে। এই বর্ষকালে কেন? খোঁড়াখুঁড়ির ফলে জমানো বৃষ্টির পানি আর কাদামাটিতে রাস্তায় হাঁটতে ঘা ঘিন ঘিন করে। এসব রাস্তার কথা মনে হলে আর বের হতে মন চায় না।’

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার শান্তিনগর, মালিবাগ, বংশাল, নাবাবপুর, ধানমন্ডি, বনশ্রী ও গ্রিনরোড এলাকায় চলছে উন্নয়ন কাজ। প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্পের অধীনে এসব উন্নয়ন কাজ চলছে বলে জানা গেছে। ৭৪৩ কোটি টাকা ব্যয়ে অপর প্রকল্পের অধীনে যাত্রাবাড়ী, খিলগাঁও ও মানিকনগর এলাকার উন্নয়ন কাজ করছে সংস্থাটি। এসব কাজ এখনো ৩০ ভাগ শেষ হয়নি বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। ফলে চলতি বর্ষায়ও উন্নয়নের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল বলেন, জরুরি কাজ ছাড়া বর্ষাকালে রাস্তা কাটার অনুমোদন দেয়া হয় না। সরকারি অগ্রাধিকারমূলক যে কাজগুলোর অনুমোদন দেয়া হয় এগুলোতেও যাতে জনদুর্ভোগ না হয় সে ব্যাপারে ঠিকাদারদের কঠোর নির্দেশনা দেয়া হয়। আর আগে থেকে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের কাজ বিলম্ব হয়ে বর্ষাকাল পর্যন্ত চলে আসে। ফলে বর্ষাকালে রাস্তায় খোঁড়াখুঁড়ি হয় বলে মনে হয় বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, সড়ক খনন নীতিমালা শতভাগ মানার চেষ্টা করা হয়। কিছু জরুরি কাজ ছাড়া বর্ষ মৌসুমে রাস্তা কাটার অনুমতি দেয়া হয় না। মিরপুর-মোহাম্মপুর এলাকার ৪৩টি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ চলমান আছে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলেও সড়কে কিছুটা পরিবর্তন করতে হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, পুরো অর্থবছর অলস সময় কাটায় সেবা সংস্থাগুলো। জুন-জুলাইয়ে বাজেটের সময় এলেই বেড়ে যায় উন্নয়নের জোর তৎপরতা। ফলে তড়িঘড়ি করে বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ দিয়ে উন্নয়ন কাজ শুরু হয়। এতে লাভবান হন ঠিকাদার ও কর্মকর্তারা।
এদিকে, চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও রাস্তাঘাটের দুরবস্থায় নগরবাসীর ভোগান্তি চরমে পেঁৗছলেও থামছে না খোঁড়াখুঁড়ি। চলতি মাসেই শুরু করা হয়েছে বেশ কয়েকটি রাস্তা, ফুটপাত ও ড্রেনের কাজ যা নাগরিক ভোগান্তির সারিতে যোগ করছে নতুন নতুন এলাকা। চলতি মাসের শেষ দিকে রাজধানীর বাংলামোটর থেকে কারওয়ানবাজার সড়কে ফুটপাতের পাশে রাস্তা কেটে শুরু হয়েছে ড্রেনের কাজ। রাজধানীর তেজগাঁওয়ে গত সপ্তাহে সড়ক কেটে ড্রেন সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি মিরপুরে তিতাস গ্যাসের লাইন বসানোর কাজও শুরু করেছে।
সামপ্রতিক হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে হাঁটুপানি জমে যাচ্ছে। বিশেষ করে কুড়িল, কারওয়ানবাজার, পান্থপথ, ধানমন্ডি, প্রগতি সরণি, রায়েরবাজার, শান্তিনগর, রাজারবাগ, যাত্রাবাড়ী, জুরাইন, মতিঝিল, পুরান ঢাকার আলাউদ্দিন রোড ও নাজিমউদ্দিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মিরপুরের দক্ষিণ পাইকপাড়া, মাজার রোড, ১০ নাম্বার থেকে ১২ নাম্বার পর্যন্ত সড়ক, সাংবাদিক কলোনি ও কালশী এলাকার সড়কেরও করুণ অবস্থা। আর জলাবদ্ধতার সঙ্গে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটি ও ইট-সুকড়ি দিয়ে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হচ্ছে। এসব খোঁড়াখুুঁড়ির জায়গা থেকে সহজে বৃষ্টির পানি সরছে না। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কাদা পানিতে পরে বিব্রতকর অবস্থায় পড়েন নাগরিকরা।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি