সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বার্সার ‘চিরশত্রু’ রিয়ালের ড্রেসিংরুমে নেইমার


বার্সার ‘চিরশত্রু’ রিয়ালের ড্রেসিংরুমে নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্লাব ফুটবলের জগতে বার্সা-রিয়ালের সম্পর্কটা সাপে-নেউলে। নেইমার বোধহয় সেটা ভুলেই গেছেন। না হলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে এক পাও দিতেন না নেইমার। অবশ্য ভুলে যাওয়ারই কথা! আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর সত্যি হলে, কয়েক দিনের মধ্যে পিএসজির সঙ্গে চুক্তির টেবিলে বসবেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

বার্সেলোনার দৈনিক মুন্ডু দেপোর্তিভোর বরাত দিয়ে মার্কা জানিয়েছে, এল ক্লাসিকোর ম্যাচ শেষে নেইমারকে রিয়ালের ড্রেসিংরুমে যেতে দেখা যায়। জিদানের ডেরায় প্রবেশের আগে বার্সার জার্সিও খুলে ফেলেন তিনি। প্রায় ১৫ মিনিট পর লস ব্লাকোসদের কক্ষ ত্যাগ করেন নেইমার। বের হওয়ার সময় নেইমারের হাতে ছিল রিয়ালের দুটি জার্সি।

এছাড়া নেইমারকে রীতিমত ‘বিদায়’ দিয়েই দিলেন রিয়াল ডিফেন্ডার সার্জি রামোস। এল ক্লাসিকোর পর সংবাদ সম্মেলনে রামোস বলেন, ‘নেইমারের সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক আছে। আমার মনে হয় বার্সার হয়ে এটাই নেইমারের শেষ ম্যাচ। সেজন্য ওর সঙ্গে আমি জার্সি বদল করলাম।’

‘নেইমার যাবে নাকি থাকবে এনিয়ে কিছুই বলেনি আমাকে। আমিও কখনও জানতে চাইনি। ওর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। আমার মতে সে একজন দারুণ ফুটবলার। বার্সায় ওর অবদান অনেক। আমার বিশ্বাস, ওর ভবিষ্যৎ ও নিজেই ঠিক করবে। তবে নেইমার বার্সা ছাড়লে রিয়ালের জন্য ভালো।’ মন্তব্য রামোসের।

ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপও জানিয়েছে, নেইমারের সঙ্গে পিএসজির সব বোঝাপড়া শেষ। বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতনে ৫ বছরের চুক্তি হয়েই গেছে। প্যারিসের ক্লাবটি এখন বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসবে।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি