
পূর্বাশা ডেস্ক:
ঢাকা মহানগর ছাড়াও আটটি জেলায় চিকুনগুনিয়ার রোগীর বিষয়ে নিশ্চিত হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই জেলাগুলো হচ্ছে বগুড়া, গোপালগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, চট্টগ্রাম ও রাজশাহী। আইইডিসিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া সরাসরি এবং জ্বর থাকা অবস্থায় ফিজিওথেরাপি না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইইডিসিআর। গতকাল সোমবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই অনুরোধ জানায়।
সূত্র বলেছে, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১২০ জন চিকুনগুনিয়া-পরবর্তী আর্থ্রালজিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা, বিশেষ করে হাত ও পায়ের গিরায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইইডিসিআর বলেছে, চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নতুন রোগীর সংখ্যা কমছে বলে চিকুনগুনিয়া জাতীয় পর্যবেক্ষণ কমিটি মনে করে। গত ৩০ জুলাই অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় সদস্যরা এমন মত দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর জ্বর থাকা অবস্থায় ব্যথা প্রশমনে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। প্যারাসিটামল ট্যাবলেট সেবন বা বরফ বা ঠান্ডা সেঁক দিয়ে ব্যথা কমাতে হবে। তিন মাস পরেও ব্যথা না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে প্রয়োজনীয় ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে।
২০১৭/মাহি






















































