সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ আলাদা করা হবে তোফা ও তহুরাকে, প্রক্রিয়া শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭


পূর্বাশা ডেস্ক:

তোফা ও তহুরা জোড়া লাগানো এই শিশু দুটির মাথা, হাত পা, সবই আলাদা। কিন্তু দু’জনের পায়ুপথ একটি। তাদের অস্ত্রোপচার করে তাদের আলাদা করার প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল বিবিসি বাংলাকে বলেছেন, সকাল ৯টার দিকে তাদের অজ্ঞান করা হয়েছে। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু করা হবে বলে তিনি জানান।

এই অস্ত্রোপচার কতটা ঝুঁকিপূর্ণ জানতে চাইলে অধ্যাপক আশরাফুল হক বলেন, “মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে না। তবে যেহেতু নিচের দিকে মেরুদণ্ড লাগানো সেক্ষেত্রে খুব জটিল ধরনের অপারেশন। একটু এদিক সেদিক হলে সারাজীবন পায়ুপথের সঙ্কট হতে পারে। তবে আমরা আশাবাদী যে, অস্ত্রোপচার সফল হলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবন যাপন সম্ভব।”

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পন্ন হতে ৬ ঘণ্টার মত সময় লাগতে পারে। এর মাঝে দুইবার বিরতি দেয়া হবে।

তোফা ও তহুরার এই‌ শারীরিক অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়, ‘পাইগোপেগাস।

চিকিৎসক আশরাফুল হক বলেন, এ ধরনের শিশুদের ক্ষেত্রে পশ্চাদ্দেশ জোড়া লাগানো থাকে।

বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম বলে জানান চিকিৎসকরা।

এর আগে বাংলাদেশে জোড়া শিশু অস্ত্রোপচার করে আলাদা করার ঘটনা থাকলেও ধরন ছিল ভিন্ন।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি