
পূর্বাশা ডেস্ক:
বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া বেশ কয়েকটি শিশুকে আজ বুধবার বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে ভারত। আটক শিশুরা নিজেদের ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি লেখার প্রেক্ষিতে তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে।
প্রায় ২ বছর আগে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুভায়ন নামের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিলো শিশুদের। ভারত সরকার, চাইল্ড লাইন শুভায়ন আশ্রয় কেন্দ্রের মধ্যস্থতায় শিশুদের ফিরিয়ে দেয়ার কাজটি সম্পন্ন হচ্ছে।
শিশু অনুপ্রবেশ, পাচার ও আটক বিষয়ে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে ‘চাইল্ড লাইন’ এর সমন্বয়কারী সুরজ দাস বলেন, প্রায় প্রতিদিনই কিছু না কিছু বাংলাদেশি শিশু আটক হয়। আটকের পরে তাদের চাইল্ড হোমে রাখা হয়। যে শিশুগুলো মূলত কোন অপরাধের সঙ্গে জড়িত নয় বরং তারা কেবল দালাল চক্রের দ্বারা অথবা অন্য কোনভাবে পাচারের শিকার হয়, সেসব শিশুকে চাইল্ড অবজারভেজশন হোম শুভায়নে রাখা হয়। সাধারণত বাংলাদেশের শিশুদের সনাক্ত করার পর ৬০ দিনের মধ্যে দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও তা হয়ে ওঠে না। দু’দেশের আন্ত:দেশীয় জটিলতা ও সদিচ্ছার অভাবে শিশুগুলো দিন, মাস এমনকি বছরের পর বছর আটক থেকে যায়।
তিনি বলেন, আমাদের প্রবল আগ্রহ থাকলেও তা সম্ভব হয়ে ওঠে না। বিভিন্ন জটিলতায় পড়তে হয়। কখনো হোম ভেরিফিকেশান হয়ে আসে না, আবার ভেরিফিকেশন হলেও সঠিক হয় না। এমন অনেক সমস্যার কারণে প্রক্রিয়া সহজ হয়ে ওঠে না। আবার বাংলাদেশ হাই কমিশন ও ভারত হাই কমিশনের অনুমতি সাপেক্ষে কোন কোন শিশুকে ফেরৎ দেয়ার প্রক্রিয়ার শেষ পর্যায়ে বিজিবি শিশুর পরিবারের সাথে যোগাযোগ না করাসহ নানা অযুহাতে শিশুকে গ্রহণ করতে অনীহা প্রকাশ করে।
সুরজ দাস বলেন, প্রতি রাতে ৫ থেকে ৭টা শিশুকে পাচারের কবল থেকে আটক করা হয়। পাচার হওয়া শিশুদের মনে ভারত সম্পর্কে আলাদা কল্পনা রয়েছে। অনেকে দুঃখ-দুর্দশাগ্রস্ত অবস্থায় মনে করে, ভারতে গেলে হয়তো সব কিছু সমাধান হয়ে যাবে। দালালের শিকার হয়ে অনেক শিশুই কাজের নামে দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে পাচার হয়ে যায়। এই প্রক্রিয়ায় বৃহৎ দালাল চক্র কাজ করে।
শুভায়ন অবজারভেশন হোমে বাংলাদেশের বেশ কিছু শিশুদের ফেরৎ পাঠানোর পরেও প্রায় ৪০ জন শিশু থেকে যাবে। যারা বিগত দুই থেকে চার বছর আগে আটক হয়েছে বলে জানান তিনি।
২০১৭/মাহি























































