
স্পোর্টস ডেস্ক:
লর্ডসে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন ৫ উইকেট নিয়ে। শাহাদাত হোসেন গর্ব করেন আরও একটি রেকর্ড নিয়ে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকটা তিনিই করেছিলেন। কবে সেই কীর্তি গড়েছিলেন, মনে আছে শাহাদাতের?
‘খুব মনে আছে। আমার জন্মদিন ৭ আগস্ট, হ্যাটট্রিক করেছিলাম ২ আগস্ট’-জন্মদিনের সঙ্গে মিলিয়ে কীর্তিটা মনে রেখেছেন শাহাদাত। কিন্তু ম্যাচটা হেরে যাওয়ায় হ্যাটট্রিকের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেননি। জাতীয় দলের এই পেসার ফিরে যান ২০০৬ সালের ২ আগস্ট হারারেতে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ছিল সেটি। বাংলাদেশ হেরে যায় ২ উইকেটে, ‘ম্যাচটা হেরে যাওয়ায় মন খারাপ ছিল। যদিও কল্পনাতেও ছিল না যে হ্যাটট্রিক করব। ব্রেন্ডন টেলর শেষ ওভারে ১৭ রান নিয়ে ম্যাচটা শেষ করে দিল। ওই ম্যাচে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে মাশরাফি ভাই অনেক কিছু শিখেছেন। মাশরাফি ভাইয়ের করা শেষ ওভারে ১৭ রান উঠেছিল। তখন জিম্বাবুয়ে কিন্তু মোটামুটি ভালো দল ছিল।’
শাহাদাতের পর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আরও চারজনÑআবদুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে ‘প্রথম’ হ্যাটট্রিক-ম্যান হিসেবে শাহাদাতের নামটা আলাদা করেই নিতে হবে।
একটা অতৃপ্তি আছে তাঁর। টেস্টে চারবার ৫ উইকেট পেলেও ওয়ানডেতে সেটি পাওয়া হয়নি একবারও। অবশ্য জাতীয় দলে নিয়মিত খেলতে পারলে এত দিনে এই অপূর্ণতা পূরণও হতে পারত তাঁর। ২০১৫ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে চোটে পড়ে সেই যে দলের বাইরে চলে গেলেন, ফিরতে পারেননি এখনো।
এ নিয়ে আফসোসের শেষ নেই শাহাদাতের, ‘আমি খেলেছি খুব কঠিন সময়ে। ২০০৮ সালের দিকে সুমন (হাবিবুল বাশার)-রফিক ভাইয়ের চলে যাওয়ার পর আমি, সাকিব, মুশফিক, রিয়াদ (মাহমুদউল্লাহ), তামিমÑএকঝাঁক তরুণের শুরুটাও ওই সময়ে। খারাপ লাগে এই ভেবে, ওরা অনেক এগিয়ে গেছে আর আমি খেলতে পারছি না! ২০১৫ সালে যদি চোটে না পড়তাম, অবশ্যই ভালো জায়গায় থাকতে পারতাম।’
চোট থেকে যখন ফেরার লড়াই করছেন, তখন তাঁর জীবনটাই থমকে গেল আরেক অনাকাক্সিক্ষত ঘটনায়। গৃহকর্মী নির্যাতনের মামলায় তাকে কারাবাস পর্যন্ত করতে হয়েছে। যদিও গত বছরের শেষ দিকে তাকে ও তার স্ত্রী জেসমিন জাহানকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এই ঘটনার পর জীবন নিয়ে নতুন উপলব্ধি হয়েছে শাহাদাতের, ‘জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। যে পরিস্থিতিতে আমি পড়েছি, আর কেউ যেন এমন না পড়ে। এক মাস জেল খেটেছি। সবকিছু থেকে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। জীবন নিয়ে এখন আমি অনেক সাবধান। এখন তো কারও বিয়ের দাওয়াতে যাওয়ার আগেও কয়েকবার ভাবি। কখন কোন বিপদ আসে কে জানে! শুধু জীবন নিয়ে নয়, নিজের খেলা নিয়েও অনেক সতর্ক।’
ডশুধু নিজেই সতর্ক নন, শাহাদাত পরামর্শ দেন অনুজদেরও, যাতে তারা একই ভুল না করে, ‘ছোট ভাইদের বলি, এই ভুলটা তোমরা কোরো না। এখন ক্রিকেটারদের ওপর সবার নজর থাকে। ক্রিকেট এমন জায়গায় পৌঁছেছে, ক্রিকেটাররা ভুল করলেই তার জন্য ভুগতে হবে। সবাইকে বলি সাবধান থাকতে।’
জীবনের কঠিন পর্বটা পেরিয়ে শাহাদাত আবার মনোযোগী হয়েছেন ক্রিকেটে। খেলা না থাকলে নিজ তাগিদে ফিটনেস নিয়ে কাজ করেন। নেটে বোলিং করে যান ঘণ্টার পর ঘণ্টা। ২০১৬ ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। খেলেছিলেন আবাহনীর হয়ে। এবার প্রিমিয়ার লিগে খেলেছেন শেখ জামাল ধানমন্ডির হয়ে। পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও একেবারে মন্দ ছিল না। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। তাঁর চোখে এখন জাতীয় লিগ, বিপিএলÑঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারও জায়গা করে নিতে চান জাতীয় দলে।
তবে বাংলাদেশ দলে জায়গা পাওয়াটা কতটা কঠিন, সেটি নিশ্চয়ই অজানা নয় শাহাদাতের। ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা ৩০ বছর বয়সী পেসার অবশ্য চ্যালেঞ্জটা নিচ্ছেন, ‘প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই ছিল। এটা না থাকলে কোনো দল উন্নতি করতে পারে না। প্রতিদ্বন্দ্বিতা আমি পছন্দ করি। অনেকে ভাবে, শাহাদত বুঝি শেষ হয়ে গেছে। ভুল কথা। আমাকে টেস্টে নামায়ে দেন, ছিঁড়ে ফেলব। আমি কোনো ব্যাটসম্যানকে ভয় পাইনি। এখনো পাই না। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাঁপিয়ে এসেছি। আমি অন্যান্য সংস্করণের তুলনায় টেস্ট খেলতে বেশি পছন্দ করি। যদিও আমার এখন অত বাছাইয়ের সুযোগ নেই।
০৩/০৮/২০১৭/ Choity.
























































