রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রামের বাড়িতে গৃহকর্মী লাইলীর দাফন সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকার বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলীর কুড়িগ্রামের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার সমন্বয় পাড়ায় তার বাবার বাড়ির বাইরে তাকে দাফন করা হয়।

আজ রোববার সকাল ৯টায় দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়ার দাশিয়ারছড়া খেজুরতলা নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে  তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অন্তত দেড় শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। জানাজা নামাজ শেষে তার বাবার বাড়ির প্রাঙ্গনে তাকে দাফন করা হয়। দাশিয়ারছড়ার অধিকাংশ মানুষ যারা তার জানাযায় অংশ নিয়েছিলেন তাদের অনেকেই লাইলীর এই  করুণ মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িত সকলের শাস্তি দাবি করেন এবং লাইলীর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নেয়ার জন্য আহ্বান জানান।

এর আগে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার বিকেলে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকাল ছয়টায় লাইলীর বাবা নজরুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত স্বজনরা লাশ নিয়ে লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় তার লাশ দেখতে অসংখ্য মানুষ জড়ো হয়। তার পারিবারিকভাবে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

উল্লেখ্য, শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বনশ্রী জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই লাইলীর ভাসুর (স্বামীর বড় ভাই) শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা  করেন। মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি