বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরিচয়পত্র না পাওয়ায় ক্যাম্পে এসে ভোগান্তিতে হজযাত্রীরা


পরিচয়পত্র না পাওয়ায় ক্যাম্পে এসে ভোগান্তিতে হজযাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

এ বছর হজযাত্রীদের জন্য নির্ধারিত পরিচয়পত্র না পাওয়ায় হজ ক্যাম্পে এসে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। আবার ভিসা জটিলতা না কাটায় হজযাত্রা নিয়ে উদ্বেগে আছেন অনেকে। এদিকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য পরের ফ্লাইটগুলোতে ১০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্টরা।

৫ জুলাই শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত আশকোনা হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, বিকেলে বা রাতে যাদের ফ্লাইট, তারা নিচতলার মসজিদের সামনে বসে আছেন। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। হজযাত্রার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন হজযাত্রীরা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮৫ জন হজযাত্রী শুক্রবার হজ ক্যাম্পে এসেছেন। হজযাত্রীদের একজন রবিউল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে আসছি। কাউকেই পাসপোর্ট, টিকেট দেয় নাই। দু-এক দিনের মধ্যেই ফ্লাইট বলে আশ্বস্ত করছে।’

তবে জানান গেছে, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেক হজযাত্রীকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। হজ ক্যাম্পে প্রবেশ, ডরমিটরিতে যাতায়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই পরিচয়পত্র দেখাতে হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা হজযাত্রীদের অধিকাংশই এই পরিচয়পত্র পাননি।

হজযাত্রী আবদুর রশিদ বলেন, ‘এজেন্সির কারণে ক্যাম্পে এসে ঝামেলায় পড়তে হয়েছে। আইডি কার্ড দেয় নাই। ডরমিটরিতে ঢুকতে সমস্যা হচ্ছে। লিফটে উঠতে দিচ্ছে না। বেশির ভাগই আইডি কার্ড পায় নাই।’

এ বিষয়ে রাজ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আবদুল জব্বার জানান, অনেকে আইডি কার্ড পাননি এটা ঠিক। প্রিন্টিংয়ে সমস্যা হওয়ায় তাদের আইডি কার্ড দেওয়া যায়নি। তাদের কাগজপত্র প্রস্তুত, বিমানে ওঠার আগে আইডি কার্ডও দিয়ে দেওয়া হবে।

হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, বাতিল হওয়া হজ ফ্লাইটের যাত্রীসংখ্যা প্রায় ৮ হাজার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অন্যান্য ফ্লাইটে এসব যাত্রীর ৭ শতাংশ রিপ্লেসমেন্টের (বরাদ্দ) কথা বলেছে, এটি যথেষ্ট নয়। এই হার কমপক্ষে ১০ শতাংশ করতে হবে। তবে হজযাত্রীদের কোনো হয়রানি বা না যেতে পারার আশঙ্কা নেই।

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি