বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভঙ্গুর চুলকে ঝলমলে করে তুলবে গোলাপ জল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:
গোলাপ ফুলের সঙ্গে মানুষের যেন হৃদয়ের বন্ধন রয়েছে। রুপচর্চার কাজে, সুগন্ধী হিসেবে, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রান্নার কাজেও গোলাপ জল ব্যবহৃত হয়। গোলাপ পাপড়ি সেদ্ধ করে গোলাপ জল তৈরি করা হয়। এটি প্রাকৃতিক অ্যাসট্রিনজেন্ট যেটি তৈলাক্ত ত্বক ও মাথার তালুর জন্য খুব উপকারী। প্রাকৃতিকভাবেই গোলাপ জল ত্বককে নরম ও কোমল করে তোলে। গোলাপ জলে ফ্ল্যাভেনয়েড এবং ভিটামিন এ, বি ৩, সি, ডি ও ই রয়েছে। গোলাপ পাপড়িতে যে পরিমাণ চিনি রয়েছে তা গোলাপ জলে পুষ্টিকর উপাদান যোগ করে।

গোলাপ জল চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে চুলের ভঙ্গুরতা প্রতিরোধ করে। এটির মধ্যে অ্যান্টিসেপটিক আছে বিধায় চুলের খুশকি দূর করতেও বেশ কার্যকরী এটি। চুলের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বেগবান করে চুল লম্বা করতেও গোলাপ জল সাহায্য করে।

চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন গোলাপ জলঃ

গোলাপ জল শ্যাম্পু ও কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এমনকি স্প্রে বোতলে ভরেও চুলে লাগাতে পারেন। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কীভাবে ব্যবহার করবেন কারণ এটি সকল উপায়েই কার্যকরী।

প্রথমে চলুন জেনে আসি গোলাপ জল কীভাবে তৈরি করবেন:

আপনার দরকার হবে-

১ কাপ প্রস্ফুটিত গোলাপ পাপড়ি এবং

ডিস্টিলড পানি। (আপনি চাইলে ফুটানো খাবার পানিও ব্যবহার করতে পারেন)

-একটি কাঁচের বাটিতে গোলাপ পাপড়িগুলো রাখুন। দুই কাপ ডিস্টিলড পানি পাপড়িগুলোর উপরে ঢালুন। এবার পাত্রটি ঢেকে দিন এবং ৩০ মিনিটের মতন রেখে দিন। সময় হয়ে এলে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিন গোলাপ জল। পরিপূর্ণ ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর পরিষ্কার পাত্রে রেখে ব্যবহার করুন।

শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে গোলাপ জল ব্যবহার

এটিই গোলাপ জল ব্যবহারের সবচাইতে সহজ উপায়। শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনি। কোন ঝামেলা নেই এতে।

গোলাপ জলের রিন্স হিসেবে

এক কাপ গোলাপ জল নিন এবং চুল শ্যাম্পু করার পর সেই গোলাপ জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে করে আপনার চুল উজ্জ্বল, চকচকে এবং সুগন্ধী হবে।

ভঙ্গুর চুলের জন্য গোলাপ জল

আপনার লাগবে-

১ কাপ গোলাপ জল

কয়েক ফোঁটা জোজোবা তেল এবং

একটি ভিটামিন ই ক্যাপসুল।

সবগুলো উপকরণ মিশিয়ে ভেজা চুলে লাগান এবং দশ মিনিট ম্যাসাজ করুন। অতঃপর স্বাভাবিকভাবে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকোলে দেখতে পাবেন কি দারুণ হয়েছে চুল। যেন এক অন্যরকম জেল্লা দিচ্ছে!

পূর্বাশানিউজ/0৭ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি