বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুলে কারাগারে অবতরণ করে হেলিকপ্টারটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভুলে হেলিকপ্টার অবতরণ করেছে।

হঠাৎ হেলিকপ্টার অবতরণে কারা কর্তৃপক্ষের মধ্যে হইচই পড়ে যায়। আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় হেলিকপ্টারের চালকসহ যাত্রীদের।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মেঘনা এভিয়েশনের ভাড়া করা এই হেলিকপ্টারটি অবতরণ করে।

কাশিমপুর-২ কারা কর্তৃপক্ষ জানায়, ওই হেলিকপ্টারের যাত্রী ছিলেন মালয়েশিয়া প্রবাসী পোল্ট্রি ব্যবসায়ী বিল্লাল হোসেন, তার স্ত্রী ও তিন সন্তান। বিল্লাল বাংলাদেশি নাগরিক। মালয়েশিয়া গিয়ে বিয়ে করেন। হেলিকপ্টারের পাইলট ছিলেন উইং কমান্ডার (অব.) সোহেল লতিফ।

বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে মেঘনা এভিয়েশন কর্তৃপক্ষ। এরপর কারা কর্তৃপক্ষ মুচলেকা নিয়ে আটকদের ছেড়ে দেয়।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, বিল্লাল ১৫দিন আগে পরিবারসহ বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার গাজীপুরের কোনোবাড়ির কুদ্দুসবাড়িতে তাদের একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাতায়াতের জন্য হেলিকপ্টারটি ভাড়া করেন। কুদ্দুসবাড়িতে একটি ফাঁকা স্থানে এটি অবতরণ করার কথা থাকলেও ভুলবশতঃ কাশিমপুর কারাগার-২ এর স্কুল মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি।

কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা। পাইলট ভুল করে কুদ্দুসবাড়ির ফাঁকা মাঠ মনে করে কারাগারের স্কুল মাঠে অবতরণ করে। এটির সঙ্গে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্ন ঘটার কোনো সম্পর্ক নেই। মেঘনা এভিয়েশন পক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। আমরাও সিভিল এভিশেনের সঙ্গে কথা বলেছি।

পূর্বাশানিউজ/১০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি