
পূর্বাশা ডেস্ক:
সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের একটি বৈঠক আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ১৪ দল আদালতের রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিচারক অপসারণ ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে সরকার যা সংবিধানের ষোড়শ সংশোধনী নামে পরিচিতি পায়। এরপর একজন আইনজীবী এই সংশোধনীর বিরুদ্ধে রিট আবেদন করলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৩ জুলাই এই সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। গত ১ আগস্ট আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়। এতে ষোড়শ সংশোধনী ছাড়াও শাসন বিভাগের নানা দিক নিয়ে তীর্যক মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এই রায় নিয়ে সরকারি দলের নেতারা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেছেন। এ ব্যাপারে ১৪ দলের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আজকের বৈঠকের পর ১৪ দল তাদের বক্তব্য জানাবে।
২০১৭/রুমকী






















































